
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের পর সেই ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোবারক সরদার নামের এক চায়ের দোকানিকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোবারক সরদার ওই এলাকারই বাসিন্দা এবং তাঁর পাঁচ ছেলেমেয়ে রয়েছে। ভুক্তভোগী কিশোরী সম্পর্কে তাঁর স্বজনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে মোবারক কৌশলে ওই কিশোরীকে নিজের বসতঘরে ডেকে নিয়ে যান। সে সময় ঘরে পরিবারের কেউ ছিলেন না। সেই সুযোগে মোবারক কিশোরীকে ধর্ষণ করেন এবং ঘটনার দৃশ্য নিজের মুঠোফোনে ভিডিও করে রাখেন। কাউকে কিছু না জানাতে তিনি কিশোরীকে হুমকিও দেন। ঘটনার তিন-চার দিন আগে মোবারক ভিডিওটি ছড়িয়ে দিলে বিষয়টি জানাজানি হয়ে যায়।
এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে সালিস বৈঠক বসে। মোবারক নিজে উপস্থিত না হলেও তাঁর পক্ষের লোকজন সেখানে হাজির ছিলেন। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিস শেষ হয়। এরপর আজ শুক্রবার সকালে মোবারক ওই কিশোরী ও তার পরিবারকে ফের হুমকি-ধমকি দেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে মোবারককে পিটুনি দিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, তাঁর মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন এবং অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী কিশোরী অথবা তার বাবা মামলাটি করবেন এবং এরপরই আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।
আপনার মতামত লিখুন :