Facebook Twitter Instagram YouTube

তরুণ উদ্ভাবকদের পাশে সরকার, এমআইএসটি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ / ০
তরুণ উদ্ভাবকদের পাশে সরকার, এমআইএসটি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক পর্যায়ের আন্ডারওয়াটার রোবট প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এই তথ্য নিশ্চিত করেছেন।

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে গত ২৩ থেকে ২৯ জুন অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দলকে পেছনে ফেলে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল প্রথম স্থান অর্জন করে। এ সময় শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী রোবটটির প্রযুক্তিগত সক্ষমতা ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং এই অর্জনের জন্য তাদের অভিনন্দন জানান।

তরুণ উদ্ভাবকদের দেশের ভবিষ্যৎ অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, তাদের যেকোনো গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে। তিনি বিশেষ করে প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তোলার ক্ষেত্রে সরকারের বিদ্যমান কর্মসূচির মাধ্যমে সব ধরনের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এছাড়া রোবটটির অধিকতর উন্নয়ন ও বাণিজ্যিকীকরণেও সরকারি সমর্থনের কথা জানান তিনি।

বৈঠকে এমআইএসটির শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে জানান, পড়াশোনা শেষে তারা প্রযুক্তি খাতেই কাজ করতে আগ্রহী। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী রপ্তানি অর্থনীতি বহুমুখীকরণের ওপর জোর দিয়ে বলেন, সরকার তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসের মতো খাতগুলোকে শক্তিশালী করতে কাজ করছে। তিনি বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিয়ে দক্ষ জনশক্তি তৈরির আহ্বান জানান এবং বিদেশে কর্মরত বাংলাদেশি বিশেষজ্ঞদের দেশে ফিরে অবদান রাখার অনুরোধ করেন।

বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin