Facebook Twitter Instagram YouTube

প্রতারণা করলে বই ছাপার কাজ আর পাবে না ছাপাখানা: শিক্ষামন্ত্রী


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৬:৫২ পূর্বাহ্ণ / ০
প্রতারণা করলে বই ছাপার কাজ আর পাবে না ছাপাখানা: শিক্ষামন্ত্রী

পাঠ্যবই ছাপার কাজে নিয়োজিত ছাপাখানা মালিকদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোনো ছাপাখানা মালিক যদি বই ছাপার কাজে প্রতারণার আশ্রয় নেন, তবে আগামী বছর থেকে তাদের আর কোনো কাজ দেওয়া হবে না।

শিক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, একবার যদি কোনো প্রিন্টার্স প্রতারণা করে, তবে ভবিষ্যতে তাকে আর বই ছাপানোর সুযোগ দেওয়া হবে না। তিনি জানান, স্থানীয় শিল্প বিকাশে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। তাই ছাপাখানা মালিকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একবার প্রতারণা করলে পরেরবার তাদের বাদ দেওয়া হবে।

এ সময় মন্ত্রী পাঠ্যবই ছাপার বর্তমান প্রক্রিয়ার পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, অতীতে ভারত থেকে বই ছাপিয়ে আনা হলেও এবার প্রক্রিয়াটি কিছুটা ভিন্ন। এক্ষেত্রে দেশের ছাপাখানাগুলো সহযোগিতা করছে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় সময়মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ড. এহছানুল হক মিলন আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সালেও সময়মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হয়েছিল। এবারও পাঠ্যবইয়ের মান ভালো হবে বলে তিনি শতভাগ নিশ্চয়তা প্রদান করেন। এর আগে গত জুলাই মাসেও তিনি ছাপাখানা ও কাগজকল মালিকদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি স্থানীয় ছাপাখানা শিল্পকে টিকিয়ে রাখতে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে কাজ দেওয়ার কথা জানিয়েছিলেন এবং সময়মতো শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছিলেন।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din