
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক উদ্ধারের একটি ঘটনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের দুই ছেলেকে আসামি করার ঘটনা ঘটেছে। স্থানীয় সোর্সের মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ৫-এর অভিযানে একটি মুক্তিযোদ্ধা পরিবারকে এই মাদক মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং প্রকৃত সত্য উদ্ঘাটন করে দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা।
রবিবার (৪ অক্টোবর) সকালে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, তার পরিবারের সদস্য এবং উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন বীর মুক্তিযোদ্ধা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন বলেন, গত ২৯ সেপ্টেম্বর তার বাড়ির সামনে থেকে প্রায় ১০০ গজ দূরে একটি আমবাগানে জ্বালানি কাঠ ও খড় রাখার ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধারের দাবি করে রাজশাহী থেকে আসা এসআরবি ৫-এর একটি দল। এই ঘটনায় তার ছোট ছেলে মেহেদী হাসানকে বাড়ি থেকে আটক করা হয়। পরবর্তীতে দায়ের করা মাদক মামলায় তার মেজো ছেলে আল মামুনকেও আসামি করা হয়েছে।
মফিজ উদ্দিন দাবি করেন, ঘটনার সময় তার মেজো ছেলে আল মামুন রাজশাহীতে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। তার দুই ছেলে বা পরিবারের কোনো সদস্য কখনোই মাদকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। ষড়যন্ত্রের মাধ্যমে তাদের এই মামলায় ফাঁসানো হয়েছে, যার ফলে তার পুরো পরিবার সামাজিকভাবে চরম হেনস্তার শিকার হচ্ছে। তিনি ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার দুই ছেলেকে এই হয়রানি থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মফিজ উদ্দিনের দুই ছেলের মধ্যে আল মামুন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে অবসরে রয়েছেন। অন্য ছেলে মেহেদী হাসান স্বাস্থ্য বিভাগে অফিস সহায়ক হিসেবে কর্মরত আছেন।
সংবাদ সম্মেলনে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার এবং দুলভপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বজলুর রশীদ সনু বলেন, মাদক দিয়ে একটি সম্মানিত মুক্তিযোদ্ধা পরিবারকে ফাঁসানো হয়েছে। উপজেলার সকল মুক্তিযোদ্ধারা মফিজ উদ্দিনের পরিবারের পাশে রয়েছেন। যারা এই চক্রান্ত করেছে, তাদের বিচার দাবি করছি। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়, সেজন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বালাদুল, সাত্তার, সেরাজুল, আনিসুর, হান্নানসহ স্থানীয় অন্তত ৫০ জন বীর মুক্তিযোদ্ধা। এছাড়া মফিজ উদ্দিনের স্ত্রী শেফালী বেগম, মেয়ে রিনা পারভিনসহ তার পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা সেখানে উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এসআরবি ৫-এর কমান্ডিং অফিসারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে এসআরবির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, অভিযানে অংশ নেওয়া সদস্যদের সঙ্গে কথা বলে এই অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
আপনার মতামত লিখুন :