Facebook Twitter Instagram YouTube

যুব আন্দোলন নেতা হত্যায় উত্তাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ /
যুব আন্দোলন নেতা হত্যায় উত্তাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার সকালের দিকে বন্দরের মদনপুর এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এর ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ চলার পর বেলা ১১টার দিকে নেতাকর্মীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সালেহনগর এলাকায় দুর্বৃত্তরা জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যা করে। নিহত বুলবুল ওই এলাকার বাসিন্দা রাজা মাস্টারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রিকশার গ্যারেজ লুটের ঘটনায় দায়ের করা একটি মামলা তুলে না নেয়ার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin