
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ঢাকা-৯ আসনের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ হাবিব, এমপি বর্তমান সরকারের রাজনৈতিক দর্শন তুলে ধরেন। শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি জানান, দেশের সব ধর্ম-বর্ণের মানুষের নিজস্ব সৌন্দর্য ও সহাবস্থান নিশ্চিত করে একটি ‘রেইনবো নেশন’ বা সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য। রংধনুর সাতটি রঙের সমন্বয়ে যেমন বর্ণিল আভা তৈরি হয়, তেমনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের সম্মিলিত অস্তিত্বই বাংলাদেশি জাতীয়তাবাদের মূল ভিত্তি বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গ টেনে বলেন, লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে প্রত্যেক নাগরিকের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় যেমন ধর্ম-বর্ণের ভেদাভেদ ছিল না, তেমনি ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ ছিল। তাই বর্তমান গণতান্ত্রিক বাংলাদেশে তথাকথিত সংখ্যালঘু নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে তিনি আশ্বস্ত করেন।
জাতীয় ঐক্যের রূপরেখা ব্যাখ্যা করতে গিয়ে প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফার দ্বিতীয় দফা এবং বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফার দ্বিতীয় দফার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণের মাধ্যমেই জাতীয় সংহতি সুদৃঢ় করা সম্ভব। তারেক রহমানের নীতি অনুসরণ করে তিনি স্পষ্ট করেন যে, গণতান্ত্রিক বাংলাদেশে ধর্মের নামে কোনো বিভাজন বা বিভেদের রাজনীতিকে সমর্থন করা হবে না। তিনি বলেন, “ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার”—এই সাম্যের ভিত্তিতেই বাংলাদেশ পরিচালিত হচ্ছে।
পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ঢাকা-৯ আসনের প্রতিটি মণ্ডপ ও এর আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা বলয় নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা নির্দিষ্ট পোশাক পরে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া এনটিএমসির বিশেষ অ্যাপস, পুলিশ হেডকোয়ার্টার্সের তদারকি দল এবং মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ২৪ ঘণ্টা জেনারেটর ও চার্জার লাইটের ব্যবস্থা রাখা হবে।
দেশের ধর্মীয় সম্প্রীতির চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পূজার ছুটি বাড়িয়ে তিন দিন করেছে, যা সাপ্তাহিক ছুটিসহ মোট পাঁচ দিনে দাঁড়িয়েছে। একই সঙ্গে মণ্ডপগুলোতে সরকারি অনুদান চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। তিনি আরও জানান, এবার সারাদেশে রেকর্ডসংখ্যক ৩০ হাজার ৮৫১টি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ১,৫০০টি বেশি।
শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরের প্রধান উপদেষ্টা বাবু যদু চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গুরু দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ইউনুস মৃধা, মাসুদ চৌধুরী, কাজী ইয়াহিয়া বাবু, খন্দকার মোহাম্মদ ওসমান গনি টুটুল, চৌধুরী ওয়াহিদুর রহমান চয়ন, সাঈদ উদ্দিন সুমন ও কাজী মুনমুনসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :