Facebook Twitter Instagram YouTube

রাঙামাটিতে অবরোধের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন ও যান চলাচল


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ / ০
রাঙামাটিতে অবরোধের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন ও যান চলাচল

রাঙামাটিতে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকা অর্ধদিবস অবরোধ কর্মসূচি চললেও শহরের জনজীবনে এর তেমন কোনো প্রভাব পড়েনি। শনিবার সকাল থেকেই স্বাভাবিক রয়েছে সড়ক ও নৌপথে যানবাহন চলাচল।

ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ শনিবার (২৪ অক্টোবর) সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল। তবে সকাল পর্যন্ত শহরের সড়ক ও নৌপথে যান চলাচলে অবরোধের দৃশ্যমান কোনো প্রভাব দেখা যায়নি।

সকাল সাড়ে ৬টা থেকেই রাঙামাটি শহর থেকে নির্ধারিত সময়ে চট্টগ্রামের উদ্দেশে বাস ছেড়ে গেছে। একইসঙ্গে বিভিন্ন উপজেলাগামী লঞ্চও যথারীতি চলাচল করেছে। এছাড়া শহরের অভ্যন্তরেও যানবাহন চলাচল ছিল স্বাভাবিক, যার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।

এদিকে, অবরোধের খবর ছড়িয়ে পড়া এবং ছুটির অবকাশ শেষ হওয়ার কারণে রাঙামাটিতে পর্যটকদের উপস্থিতি কমতে শুরু করেছে। যারা ছুটিকে কেন্দ্র করে রাঙামাটিতে বেড়াতে এসেছিলেন, তাদের অনেকে ফিরে যাওয়ায় পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকের চাপ কমে আসছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। দুপুর ১২টা পর্যন্ত ঘোষিত এ কর্মসূচি ঘিরে সংশ্লিষ্টরা সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin