Facebook Twitter Instagram YouTube

আগস্টের ২৯ দিনে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স


প্রকাশের সময় : আগস্ট ৩১, ২০২৬, ৮:০১ পূর্বাহ্ণ /
আগস্টের ২৯ দিনে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স

চলতি আগস্ট মাসের ২৯ দিনে প্রবাসী বাংলাদেশিরা ২৬৬ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা ধরে স্থানীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ লাখ টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স প্রবাহে গত বছরের একই সময়ের তুলনায় বড় ধরনের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০২৫ সালের ১ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ বা ৪৮ কোটি ৭০ লাখ ডলার।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৫২ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৪৬৬ কোটি ডলার। অর্থাৎ অর্থবছরের শুরু থেকে ২৯ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ দশমিক ৬ শতাংশ বা ৮৬ কোটি ৭০ লাখ ডলার।

ব্যাংকারদের মতে, বৈধ পথে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হওয়ার কারণেই এই প্রবাসী আয় বাড়ছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin