
কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণকারী কথিত ইয়াবা কারবারি ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের ‘শেখ হাসিনা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ব্যাপক সমালোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গত শনিবার (২৯ আগস্ট) টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার ‘লেদা একাদশ’ নামের একটি ক্রীড়া সংগঠনের ব্যানারে পিকনিকের আয়োজন করা হয়। এই পিকনিকের অংশ হিসেবে তারা ইনানীতে যান এবং সেখানে একটি সুইমিংপুলে কয়েকজনকে একত্রে ‘শেখ হাসিনা’ স্লোগান দিতে দেখা যায়। এই আয়োজনে জাহাঙ্গীর নেতৃত্ব দিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, উক্ত আয়োজনে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন ফাহিমসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন স্তরের নেতাকর্মী তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয় সমাজসেবক ছৈয়দ আলমের মতে, ভিডিওটি যদি সাম্প্রতিক হয় এবং আত্মসমর্পণকারী কোনো মাদক কারবারি পুনরায় নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে থাকেন, তবে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে যাচাই করা প্রয়োজন।
জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক, অপহরণ ও হত্যাসহ প্রায় ২০টি মামলা রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এছাড়া তার ভাই মোহাম্মদ আলম হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে জাহাঙ্গীরের বিরুদ্ধে আনা এসব অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ভিডিওটির সময়কাল নিয়ে ভিন্নমত পোষণ করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। রোববার (৩০ আগস্ট) রাতে তিনি জানান, ভিডিওটি দেখে মনে হয়েছে এটি ২০২৪ সালের ৫ আগস্টের আগের। এরপরও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
আপনার মতামত লিখুন :