
দেশের চলমান জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকারকে দায়ী করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, যুদ্ধের প্রভাবেই মূলত এই সংকট তৈরি হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী জানান, এলএনজি বহনকারী কার্গো ইতোমধ্যে দেশে পৌঁছেছে এবং গ্যাসের সরবরাহ ও চাপ বৃদ্ধি পেয়েছে। তিনি উল্লেখ করেন, মহেশখালীর এলএনজি টার্মিনালে যে ত্রুটি দেখা দিয়েছিল, তা মেরামতের কাজ সম্পন্ন হয়েছে এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। তিনি আরও বলেন, বর্তমানে যে জ্বালানি সংকট চলছে, এর জন্য সরকার দায়ী নয়। যুদ্ধের কারণে এ সংকট তৈরি হয়েছে। এর পাশাপাশি মহেশখালীর এলএনজি টার্মিনালেও ত্রুটি দেখা দিয়েছিল। এরই মধ্যে সেটি ঠিক করা হয়েছে।
দলীয় সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপির যেসব অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেগুলো ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হবে। সংগঠনগুলোতে নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করবে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে।
এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :