Facebook Twitter Instagram YouTube

ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ /
ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, সেই প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিষয়টি নিয়ে পাল্টা প্রশ্ন করেন। তিনি জানতে চান, কে এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে এবং কার এত জ্বালা যে তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না।

সাংবাদিকরা যখন হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগের বিষয়ে জানতে চেয়ে তার একটি আনুষ্ঠানিক বক্তব্য দাবি করেন, তখন তিনি নিজেকে বাংলাদেশি হিসেবে দাবি করেন। তিনি বলেন, তিনি মনে করেন না কেউ তার বাংলাদেশি নাগরিকত্ব বা অবস্থান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রাখে। তিনি আরও যোগ করেন, সুবিধাবাদী কেউ বাংলাদেশের জন্য কাজ করবে না।

এর আগে গত শুক্রবার বিএনপি সরকারের ছয় মাসের মাথায় নতুন পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন, যার মধ্যে হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। যুক্তরাজ্যে বেড়ে ওঠা হুমায়ুন কবির লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং যুক্তরাজ্য বিএনপির একাধিক নেতা নিশ্চিত করেছেন যে তিনি ব্রিটিশ নাগরিক। তবে প্রতিমন্ত্রী হওয়ার আগে তিনি নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশ সরকারের সূত্রগুলোও এ ধরনের কোনো চিঠি বা আবেদনের তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে।

সংবিধানের ৬৬ ধারার ২(গ) অনুযায়ী, কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জনকারী বা আনুগত্য স্বীকারকারী ব্যক্তি সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। অথচ টেকনোক্র্যাট কোটায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদেরও সংসদ সদস্য হওয়ার যোগ্য হতে হয়। প্রতিমন্ত্রী এ সময় নেটিজেনদের আলোচনার বিষয়ে প্রশ্ন তুললে সাংবাদিকরা জানান বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জবাবে প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি সিটিজেন নিয়ে কাজ করছেন, আর সাংবাদিকরা নেটিজেনদের কথা বলছেন। তিনি আরও বলেন, যারা দেশপ্রেমিক এবং দেশের পক্ষে জোরালো অবস্থান নেয়, তাদের সঙ্গে নিয়েই তিনি দেশকে এগিয়ে নিতে চান।

এছাড়া সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বদরবারে গুরুত্ব পাচ্ছে এবং মধ্যপ্রাচ্যের অংশীদাররা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছেন। মক্কা বাংলাদেশের মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে, তাই ইসলামিক দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা চুক্তি হলে তাতে বাংলাদেশের অংশগ্রহণ অস্বাভাবিক নয় বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ সরকারের সূত্রগুলোও বলছে, হুমায়ুন কবির নাগরিকত্ব ত্যাগের আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন, এমন তথ্য তাদের কাছে নেই।.সংবিধান অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্য নন, এমন ‘অনধিক এক-দশমাংশ’ (১০ জনের মধ্যে সর্বোচ্চ ১ জনকে) ব্যক্তিকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী করা যাবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo