Facebook Twitter Instagram YouTube

রোহিঙ্গা সংকট: টেকসই সমাধানের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান


প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৬, ৮:০৩ পূর্বাহ্ণ /
রোহিঙ্গা সংকট: টেকসই সমাধানের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান

রোহিঙ্গা সংকটের ৯ বছর পূর্তি উপলক্ষে শরণার্থীদের টেকসই ভবিষ্যৎ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সমন্বিত ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাজধানীর হোটেল শেরাটনে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) আয়োজিত ‘কনফ্লুয়েন্স ২০২৬: পার্টনারশিপ, অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড কমিটমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে এই আহ্বান উঠে আসে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর অর্থবহ চাপ সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানকে পররাষ্ট্রনীতির অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। একইসঙ্গে তিনি তৃতীয় দেশে পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি সমাধানের সুযোগ বাড়িয়ে বাংলাদেশকে সহায়তার হাত বাড়ানোর জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান এবং বলেন, এই সংকটকে কোনোভাবেই ভুলে যেতে দেওয়া যাবে না।

আইআরসির এশিয়া অঞ্চলের উপ-আঞ্চলিক পরিচালক হাসিনা রহমান বলেন, মানবিক সহায়তার তহবিল ক্রমাগত কমে আসছে এবং বৈশ্বিক মনোযোগ অন্যত্র সরে যাচ্ছে। গতানুগতিক ধারায় এই সংকটের সমাধান সম্ভব নয়, তাই এখন টেকসই পরিকল্পনার দিকে গুরুত্ব দিতে হবে। রোহিঙ্গা মানবাধিকার কর্মী মিস লাকি করিম বলেন, রাখাইনে নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আশ্রয়শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের জন্য মানসম্মত শিক্ষা ও জীবিকার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন, যাতে তারা মানবিক সহায়তার ওপর নির্ভরশীলতা কমাতে পারে।

অনুষ্ঠানে দুটি বিশেষ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর জ্যাঁ পেসমে, অস্ট্রেলিয়ান হাইকমিশনের কর্মকর্তা হামাহ হোসেন এবং আইআরসি বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ রিয়াস অংশগ্রহণ করেন। আইআরসির রিজিওনাল অ্যাডভোকেসি স্পেশালিস্ট সাবিরা সুলতানা নুপুরের সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক এবং জাতিসংঘসহ দেশি-বিদেশি এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy