
তীব্র বজ্রপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় সৌদি আরবের চারটি অঞ্চলের বিভিন্ন অংশে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির সরকার। রোববার (১৮ অক্টোবর) দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) এ তথ্য নিশ্চিত করেছে।
এনসিএম-এর বুলেটিন অনুযায়ী, জিজান, আসির, আল-বাহা এবং মক্কা অঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি এবং শক্তিশালী দমকা হাওয়া বইতে পারে, যা ধূলিঝড় ও বালুঝড়েরও কারণ হতে পারে। আবহাওয়া সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, এই চার অঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের ফলে আকস্মিক বন্যার ঝুঁকি অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
একইসঙ্গে জিজান, আসির, আল-বাহা এবং মক্কার কিছু অংশসহ পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দৃশ্যমানতা বা দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে, সৌদির বিভিন্ন শহরের তাপমাত্রা বেশ চড়া থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কেন্দ্র। এর মধ্যে দাম্মামে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হতে পারে। এছাড়া মক্কায় ৩৯ ডিগ্রি, রিয়াদ ও বুরাইদাহ উভয় শহরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। মদিনায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি, জেদ্দা ও জিজানে ৩৬ ডিগ্রি, হায়েলে ৩৩ ডিগ্রি, আরাক, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি এবং তাবুকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হতে পারে।
আপনার মতামত লিখুন :