Facebook Twitter Instagram YouTube

সৌদি ও আমিরাত থেকে ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে সরকার


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ / ০
সৌদি ও আমিরাত থেকে ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে সরকার

২০২৭ পঞ্জিকাবর্ষের জন্য সৌদি আরব ও আবুধাবি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ১৪ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল বা ক্রুড অয়েল আমদানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সৌদি আরবের আরামকো এবং আবুধাবির আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডনক) থেকে জি টু জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) ভিত্তিতে এই তেল আমদানি করবে। সরকারি ক্রয় আইন (পিপিএ) ২০০৬-এর ৬৮(১) ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) ২০২৫-এর বিধি ১০৭(২) অনুযায়ী রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে এই সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।

বৈঠকে জানানো হয়, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের প্ল্যান্টটি পুরোনো হওয়ায় সেখানে প্রক্রিয়াকরণের জন্য সৌদি আরামকো ও এডনক থেকে প্রাপ্ত ‘অ্যারাবিয়ান লাইট ক্রুড অয়েল’ এবং ‘মারবান ক্রুড অয়েল’ সবচেয়ে বেশি উপযোগী ও আর্থিকভাবে লাভজনক। এছাড়া অন্য কোনো সরবরাহকারীর কাছ থেকে চাহিদা অনুযায়ী এই তেল পাওয়ার নিশ্চয়তা না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আমদানির অর্থায়ন আন্তর্জাতিক ইসলামিক বাণিজ্য অর্থায়ন সংস্থার (আইটিএফসি) ঋণের মাধ্যমে সম্পন্ন হবে।

একই বৈঠকে ২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে জি টু জি প্রক্রিয়ায় আমদানির আরেকটি প্রস্তাবও নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া, ২০২৭ সালের জানুয়ারি-জুন সময়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের বিডিং সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিন করার সিদ্ধান্ত হয়েছে। জ্বালানি বিভাগের মতে, এই সময় কমানোর ফলে প্রয়োজন অনুযায়ী দ্রুত তেল আমদানি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin