Facebook Twitter Instagram YouTube

মিরপুরে হামলার পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১:০৪ অপরাহ্ণ / ০
মিরপুরে হামলার পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার

রাজধানীর মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুই দিনের মাথায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা ওই আদেশে জাহাঙ্গীর আলমকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করার কথা বলা হয়েছে। তবে ওসির এই বদলির পেছনে 'প্রশাসনিক কারণ' উল্লেখ করা হলেও এর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ওসির প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে এবং তিনি শনিবার রাতে তাঁর দায়িত্ব হস্তান্তর করেছেন।

উল্লেখ্য, আক্রান্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি শাহ আলী থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত। ঘটনার সময় সেখানে পুলিশের উপস্থিতিতেই ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, খবর পাওয়ার পর পুলিশ সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছেছিল কি না এবং কারও কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin