Facebook Twitter Instagram YouTube

ঘুষ দাবির অডিও ভাইরাল: শৈলকুপায় এসআই ক্লোজড


প্রকাশের সময় : আগস্ট ২২, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ /
ঘুষ দাবির অডিও ভাইরাল: শৈলকুপায় এসআই ক্লোজড

ঝিনাইদহের শৈলকুপায় ইয়াবাসহ আটক এক ব্যক্তির পরিবারের কাছে ঘুস দাবির অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। অভিযুক্ত এসআই তরিকুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। রোববার (৯ আগস্ট) বিকেলে ঝিনাইদহের পুলিশ সুপার তাকে প্রত্যাহারের এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার (৫ আগস্ট) বিকেলে শৈলকুপার ভগবাননগর গ্রামের বিপুল হোসেনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেন এসআই তরিকুল ইসলাম। অভিযোগ রয়েছে, আটকের পর বিপুলকে ‘সহজ ধারায়’ আদালতে পাঠানোর প্রলোভন দেখিয়ে তার পরিবারের কাছে ২০ হাজার টাকা ঘুস দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা।

ভুক্তভোগী পরিবার একপর্যায়ে ১২ হাজার টাকা নগদ দেয় এবং বাকি ৮ হাজার টাকা থানায় নিয়ে আসার জন্য বলা হয়। এই টাকা লেনদেনের একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অডিওতে এসআই তরিকুলকে বলতে শোনা যায়, ‘১২ হাজার টাকা নগদ দেন, বাকি ৮ হাজার থানায় নিয়ে আসেন।’ এছাড়া তিনি ‘থার্টি ফোর দিয়ে চালান দিবো, কোর্টে গেলেই জামিন’—এমন আশ্বাসও দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, টাকা নেওয়ার পরও বিপুলকে মাদক আইনের কঠোর ধারায় আদালতে পাঠানো হয়। পরবর্তীতে পরিবার টাকা ফেরত চাইলে এসআই তরিকুল নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। অভিযুক্ত এসআই প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে তাকে ক্লোজড করা হয়। এ বিষয়ে ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, বিতর্কিত অডিও ক্লিপটি পুলিশের নজরে আসার পর এসআই তরিকুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din