Facebook Twitter Instagram YouTube

ইমিগ্রেশন ও সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তি দিতে চায় সিঙ্গাপুর


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ / ০
ইমিগ্রেশন ও সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তি দিতে চায় সিঙ্গাপুর

বাংলাদেশের সীমান্ত ও ইমিগ্রেশন ব্যবস্থার নিরাপত্তা জোরদারে আধুনিক প্রযুক্তি এবং কারিগরি সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি।

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছাড়াও বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিমানবন্দর ও স্থলবন্দরের সীমান্ত নিরাপত্তা আধুনিকায়ন, প্রযুক্তি হস্তান্তর, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এবং সিঙ্গাপুরের রাজনৈতিক ইতিহাসসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। মিচেল লি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্যের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই পারস্পরিক সম্পর্ক ও বাণিজ্যকে আরও জোরদার করতে শিগগিরই বাংলাদেশে পূর্ণাঙ্গ হাইকমিশনার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের সুদৃঢ় কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দেশের সীমান্ত ও বিমানবন্দরগুলোতে সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ও সীমান্ত নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। এছাড়া উগ্রবাদ দমন, পুলিশ বাহিনীর প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির আদান-প্রদানের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আগামীতে আরও সুসংহত হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

এ দ্বিপক্ষীয় বৈঠকে আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুর মিশনের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং সিঙ্গাপুর মিশনের দ্বিতীয় সচিব ধান্য লিঙ্গেশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy