
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিককে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার পর দুঃখ প্রকাশ করেছেন সিলেটের সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান। সিলামের ঐতিহ্যবাহী শাহ তৈয়র ছয়লানী (রহ.) ওয়াকফ এস্টেটের সম্পত্তি নিয়ে বিরোধ এবং এর জেরে ভাতিজা রাসেল আহমদ শাহ খুনের ঘটনায় প্রথমে ক্ষোভ প্রকাশ করলেও পরে নিজের ভুল স্বীকার করে লাইভে আসেন এই ইউপি চেয়ারম্যান।
সিলামে শেখ ও শাহ বংশের মধ্যে মাজারের খাদেম হওয়া এবং ওয়াকফ এস্টেটের বিশাল সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের পুরনো বিরোধ রয়েছে। এই বিরোধ মেটাতে সম্প্রতি ওয়াকফ এস্টেট প্রশাসন উভয় পক্ষের সমন্বয়ে একটি কমিটি গঠন করে, যার সভাপতি করা হয় স্থানীয় সংসদ সদস্য এমএ মালিককে। তবে এমপির ঘনিষ্ঠজনদের দাবি, এই কমিটি সম্পর্কে এমপি নিজে কিছুই জানতেন না এবং লন্ডন বিএনপি নেতা আবেদ রাজা তার নাম এখানে জড়িয়েছেন। গত ২১শে আগস্ট এই বিরোধ নিয়ে প্রথম দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলা হয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে সমঝোতা বৈঠক হলেও গত ২রা অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ায়। ওই দিনই শেখ গোষ্ঠীর হামলায় সিলাম বাজারে খুন হন চেয়ারম্যান শাহ ওলিদুর রহমানের ভাতিজা রাসেল আহমদ শাহ।
ভাতিজার মৃত্যুর পর শোকগ্রস্ত অবস্থায় আওয়ামী ঘরানার রাজনীতিবিদ ও চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ঘটনার জন্য এমপি এমএ মালিক ও লন্ডন বিএনপি নেতা আবেদ রাজাকে দায়ী করেন। তবে এই বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হলেও এমপি বা বিএনপি নেতারা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি। ঘটনার চার দিন পর গত সোমবার এমপির স্ত্রী ও সন্তান নিহত রাসেলের বাড়িতে সান্ত্বনা দিতে যান। এর পরই চেয়ারম্যান ওলিদুর রহমান পুনরায় লাইভে এসে পূর্বের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, এমপি এমএ মালিক এই বিরোধের বিষয়ে অবগত ছিলেন না এবং আবেদ রাজাই তাকে জড়িয়েছেন। একই সাথে তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারে এমপির সহযোগিতা কামনা করেন।
এদিকে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার প্রাক্কালে এমপি এমএ মালিক জানিয়েছেন, সাধারণত বিরোধ মেটাতে ওয়াকফ এস্টেট স্থানীয় এমপি বা সরকারি কর্মকর্তাদের সভাপতি করে থাকে। তিনিও সেভাবেই সভাপতি মনোনীত হয়েছিলেন, তবে ভেতরের বিরোধ বা সংঘাতের বিষয়ে তার কোনো ধারণা ছিল না। তিনি বলেন, চেয়ারম্যান ওলিদ আবেগের বশে প্রথমে মন্তব্য করলেও পরে নিজের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছেন। সিলামে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি সব ধরনের পদক্ষেপ নেবেন এবং কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না।
অন্যদিকে, রাসেল আহমদ শাহ হত্যাকাণ্ডের ঘটনায় তার মা মোছাম্মৎ রাজনা বেগম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি করা হয়েছে শেখ বংশের মুরব্বি ফজলু মিয়াকে এবং দ্বিতীয় আসামি করা হয়েছে লন্ডন বিএনপি নেতা আবেদ রাজাকে। তবে আবেদ রাজা লন্ডনে এক সংবাদ সম্মেলনে নিজের পাসপোর্ট প্রদর্শন করে দাবি করেছেন, তিনি গত ২৬শে আগস্টেই লন্ডনে চলে গেছেন এবং এই হত্যাকাণ্ডের সাথে তার কোনো সম্পর্ক নেই। মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন ইয়াসিন আহমদ ফাহিম, আব্দুস সামাদ, রনি, তানিম আহমদ, সুমন আলী, শহীদ আলী, কামরান, মাহবুব, জুবের আহমদ জুবেল, রাফি, সালমান, আহমাদুর রহমান সাদেক, মাসুম, মুহিন, রাজু মিয়া, মোজাহির আলী, আলী রুবেল, গুল্লি সুয়েব, সিরাজুল ইসলাম ও উজ্জ্বল মিয়া।
আপনার মতামত লিখুন :