Facebook Twitter Instagram YouTube

পাকিস্তানের কোহাটে পুলিশের ওপর সন্ত্রাসী হামলায় ১১ জন নিহত


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ / ০
পাকিস্তানের কোহাটে পুলিশের ওপর সন্ত্রাসী হামলায় ১১ জন নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশের একটি দলের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১১ অক্টোবর) সংঘটিত এই হামলায় ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) হায়দার জামান এবং সাব-ইন্সপেক্টর মুখতিয়ারসহ অন্তত ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন বলে উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ নিশ্চিত করেছে।

কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নওমান জেব জানিয়েছেন, কোহাট ও কারাকের মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনার উদ্দেশ্যে পুলিশের দলটি যাচ্ছিল। পথে পাহাড়ের ওপর থেকে ওঁৎ পেতে থাকা হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এতে পুলিশের পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

হামলাকারীদের গুলিবর্ষণের মুখে পুলিশ সদস্যরা পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার পর আহতদের চিকিৎসার জন্য জেলা সদর টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি। তিনি অবিলম্বে ঘটনার বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন এবং হামলায় জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh