Facebook Twitter Instagram YouTube

বাংলাদেশে হাইব্রিড গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে


প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ / ০
বাংলাদেশে হাইব্রিড গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বাংলাদেশে হাইব্রিড ইলেকট্রিক ভেইকেল (এইচইভি) উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করেছে জাপানি প্রতিষ্ঠান টয়োটা তুশো করপোরেশন। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে টয়োটার প্রতিনিধিদল তাদের এই দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

বৈঠকে টয়োটা তুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন গণমাধ্যমকে বিস্তারিত তথ্য জানান। প্রতিনিধিদল জানায়, ‘বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য’ উন্নয়ন দর্শনকে সামনে রেখে তারা বাংলাদেশের কোনো একটি অর্থনৈতিক অঞ্চলে এই শিল্প স্থাপনের কাজ শুরু করবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে উৎপাদন কার্যক্রম শুরুর প্রক্রিয়া শুরু হবে এবং ২০২৯ সালের মধ্যে কারখানাটি পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকার দেশি-বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা, অবকাঠামোগত সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় টয়োটার পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের প্রসার, প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ উন্নয়নে অবদান রাখতে তারা আগ্রহী। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যৎ শিল্পের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়েও প্রতিষ্ঠানটি গুরুত্বারোপ করেছে। এছাড়া, দেশের সব বিভাগীয় পর্যায়ে টয়োটার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনাও তাদের বাস্তবায়নাধীন রয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনার কথা তুলে ধরেন এবং এসব খাতে টয়োটা বিনিয়োগে আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টয়োটা তুশো করপোরেশনের মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh