
ইরানের হামলার পর বাংলাদেশের পক্ষ থেকে সংহতি প্রকাশ করায় গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৃহস্পতিবার ঢাকাস্থ ইউএই দূতাবাসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে ইউএই প্রেসিডেন্ট এই কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
চিঠিতে ইউএই প্রেসিডেন্ট বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বহুমাত্রিক ও শক্তিশালী সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে উঠেছে।
উন্নয়ন, অর্থনৈতিক ও মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এছাড়া, বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে তিনি আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। সুবিধাজনক প্রথম সুযোগেই তিনি সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আশা করছেন, এই সফর দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর করবে।
আপনার মতামত লিখুন :