Facebook Twitter Instagram YouTube

দুর্গাপূজা পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ / ০
দুর্গাপূজা পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে আজ মঙ্গলবার রংপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, তিনি সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন এবং সেখান থেকে সড়কপথে রংপুরে যান। রংপুরে তিনি রাধা গোবিন্দ মন্দির ও কালীবাড়ি মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করছেন।

রংপুর সফর শেষ করে প্রধানমন্ত্রী সামরিক বিমানে রাজশাহী যাবেন। এরপর তার চট্টগ্রাম সফরের কথা রয়েছে। চট্টগ্রাম সফর শেষে তিনি ঢাকায় ফিরবেন। এদিকে রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি হিসেবে সোমবার মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। অন্যদিকে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঐতিহাসিক জে এম সেন হল প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধন ও সার্বিক প্রস্তুতির বিষয়টি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এছাড়া আগামী বৃহস্পতিবার, ২২ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা ও বাগেরহাট সফরের কর্মসূচি রয়েছে। ওই সফরে তিনি হেলিকপ্টারে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ করবেন। এছাড়া মোংলা নৌঘাঁটিতে আয়োজিত সভায় অংশগ্রহণ, মোংলা বন্দরের জেটি পরিদর্শন এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে তার।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy