
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভাগীয় নগরী রংপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি আকাশপথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে পৌঁছানোর পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর তিনি বিমানবন্দর থেকে সড়ক পথে বাসে করে রংপুরের উদ্দেশ্যে রওনা হন। যাত্রাপথে বাস থেকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এরপর তাকে বহনকারী বাসটি সৈয়দপুর থেকে রংপুরের পথে ছেড়ে যায়।
সফর সূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে রওনা হয়ে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে তিনি রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন। মন্দির পরিদর্শন শেষে তিনি পুনরায় সৈয়দপুর বিমানবন্দরে ফিরে আসবেন এবং সেখান থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন।
রাজশাহী হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণের পর দুপুর দেড়টায় তিনি ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভায় বক্তব্য রাখবেন। এরপর রাজশাহী থেকে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন শেষে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম নেবেন এবং রাতে বিমানে করে ঢাকায় ফিরবেন।
আপনার মতামত লিখুন :