
যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ ভুয়া নথিপত্র ব্যবহার করে সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারী একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবার সকালে চালানো এই অভিযানে অন্তত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা অর্থের বিনিময়ে অভিবাসনপ্রত্যাশীদের সমকামী সাজিয়ে ভুয়া কাগজপত্র ও সাজানো ছবি তৈরি করে দিতেন।
স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এই চক্রটি প্রতিটি আশ্রয়প্রার্থীর কাছ থেকে ১ হাজার থেকে ৪ হাজার ৫০০ পাউন্ড পর্যন্ত অর্থ আদায় করত। ধারণা করা হচ্ছে, চক্রটি বাংলাদেশি পুরুষদের কয়েক ডজন আশ্রয় আবেদন তৈরিতে সহায়তা করেছে। এসব আবেদনে দাবি করা হতো, সংশ্লিষ্ট ব্যক্তিরা সমকামী এবং নিজ দেশে ফিরলে তাঁদের জীবন হুমকির মুখে পড়বে।
মঙ্গলবার লন্ডনের বিভিন্ন ঠিকানায় অভিযান চালিয়ে দুজনকে প্রতারণা ও অভিবাসন অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মুঠোফোন, গয়না ও বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়। অবৈধভাবে যুক্তরাজ্যে অবস্থানের সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অপরাধ তদন্ত বিভাগের আঞ্চলিক প্রধান ক্রিস ফস্টার জানান, পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলভিত্তিক বাংলাদেশিদের এলজিবিটি সংগঠন ‘আপনজন’-এর সঙ্গে যুক্ত কিছু সন্দেহজনক আবেদনের সূত্র ধরে এই তদন্ত শুরু হয়। কর্মকর্তারা আবেদনের তথ্য-উপাত্তে মিল খুঁজে পাওয়ার পর কয়েক মাস ধরে তদন্ত চালিয়ে এই চক্রের সন্ধান পান। চক্রটি ‘আপনজন’-এর সমর্থনপত্র ও সাজানো ছবি ব্যবহার করে ভুয়া আবেদনের প্যাকেজ তৈরি করত। বর্তমানে শতাধিক আশ্রয় আবেদন পর্যালোচনা করা হচ্ছে এবং এর মধ্যে বেশ কিছু ভুয়া আবেদন ইতিমধ্যে অনুমোদিত হয়েছে বলে জানা গেছে।
স্বরাষ্ট্র দপ্তরের তথ্যমতে, অনেক বাংলাদেশি পুরুষ শুরুতে রাজনৈতিক আশ্রয় চেয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর সমকামী পরিচয়ে নতুন করে আবেদন করেছেন। বিষয়টি নিয়ে এ বছরের এপ্রিলে বিবিসি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল, যেখানে তানিসা খান নামের এক আইনি পরামর্শককে আশ্রয় আবেদনের জন্য ‘পূর্ণাঙ্গ প্যাকেজ’ দেওয়ার কথা বলতে শোনা যায়।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই প্রতারণার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, যারা নির্যাতনের ভান করে সুরক্ষা পাওয়ার প্রকৃত দাবিদারদের নিয়ে উপহাস করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, দোষীদের বিরুদ্ধে মামলা করা হবে, অবৈধ অর্থ জব্দ করা হবে এবং তাঁদের আশ্রয় আবেদন বাতিল করে দেশ থেকে বের করে দেওয়া হবে। জালিয়াতির মাধ্যমে আশ্রয় আবেদনের দায়ে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
আপনার মতামত লিখুন :