Facebook Twitter Instagram YouTube

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণে মার্কিন উদ্যোগ


প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ /
ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণে মার্কিন উদ্যোগ

ভেনেজুয়েলার মোট মজুতের এক-পঞ্চমাংশ বা ৬৫ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৮ আগস্ট) এক নজিরবিহীন ঘোষণায় তিনি এই তথ্য জানান। ওয়াশিংটন মূলত মার্কিন কোম্পানিগুলোর মাধ্যমে ওপেকভুক্ত এই দেশটির ক্ষতিগ্রস্ত জ্বালানি খাতকে পুনরুজ্জীবিত করতে এবং অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম কমাতে নতুন ক্রুড অয়েলের উৎস নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের মধ্যে আলোচনার মাধ্যমে এই চুক্তিটি সম্পন্ন হয়েছে। ট্রাম্প এই চুক্তিকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তি হিসেবে অভিহিত করেছেন।

কয়েক সপ্তাহের দ্বিপাক্ষিক আলোচনার পর এই ঘোষণা এলো। মার্কিন কোম্পানিগুলোকে ভেনেজুয়েলার নির্দিষ্ট কিছু তেলক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রবেশাধিকার প্রদান এবং সেখান থেকে উৎপাদিত অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে সরবরাহ নিশ্চিত করাই এই চুক্তির মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, ভেনেজুয়েলায় আনুমানিক ৩০৩ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে, যা বিশ্বের মোট মজুতের প্রায় ১৭ শতাংশ। তবে অবকাঠামোগত দুরবস্থার কারণে দেশটি বর্তমানে বিশ্বের মোট তেল উৎপাদনের মাত্র ১ শতাংশ উৎপাদন করতে সক্ষম। ট্রাম্পের এই ঘোষণা এমন সময়ে এলো যখন ইরান যুদ্ধ ছয় মাসে গড়িয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম নিয়ে চাপ বাড়ছে এবং পরিস্থিতি সামাল দিতে দেশটি কৌশলগত মজুত থেকেও বিপুল পরিমাণ তেল বাজারে ছেড়েছে। এর আগে প্রায় নয় মাস আগে মার্কিন সরকার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিল, যার বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদ ও পাচারের অভিযোগ রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh