
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই কার্যক্রম পরিচালনার জন্য সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং নিবন্ধন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। গত ৯ জুলাই ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৩ (জ) অনুযায়ী ৩১ জুলাই ২০০৮ তারিখকে যোগ্যতা অর্জনের তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এর আওতায় ৩১ জুলাই ২০০৮ বা তার আগে জন্ম নেওয়া ব্যক্তিদের মধ্যে যারা ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত ডাটাবেজে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে তালিকা চূড়ান্ত করা হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের কাছে পাঠানোর শেষ তারিখ ৪ আগস্ট। এরপর ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ২৪ আগস্ট। সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাখিল করা আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ২৭ আগস্ট এবং গৃহীত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে চূড়ান্ত তালিকা প্রস্তুতির শেষ তারিখ ২৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে-পরে ঘোষণা দিতে হবে। এছাড়া স্থানীয় সাংবাদিক এবং ক্যাবল অপারেটরদের মাধ্যমে বিষয়টি প্রচারের ব্যবস্থা নিতে হবে। মুদ্রিত খসড়া তালিকায় নারী-পুরুষ ভোটারের অন্তর্ভুক্তি বা ধর্ম সংক্রান্ত কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটারের সংখ্যা ১ হাজার ২৪৩ জন।
আপনার মতামত লিখুন :