Facebook Twitter Instagram YouTube

তুমব্রু সীমান্তে পরিত্যক্ত ব্যাগ থেকে ৪ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ / ০
তুমব্রু সীমান্তে পরিত্যক্ত ব্যাগ থেকে ৪ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে ৩৪ বিজিবি (কক্সবাজার ব্যাটালিয়ন)। রোববার ভোরে তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিমকুল রুহুলের দোকান-কাটাপাহাড় সীমান্ত সংলগ্ন নয়াপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ইয়াবার চালান ফেলে রেখে মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা কাটাপাহাড় দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য ছিল বিজিবির কাছে। এই তথ্যের ভিত্তিতে ৩৪ বিজিবির অধিনায়কের নির্দেশনায় তুমব্রু বিওপির একটি বিশেষ টহল দল গত ৩ অক্টোবর সকাল আনুমানিক ৯টার দিকে সীমান্তরেখা থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অবস্থান গ্রহণ করে।

পরবর্তীতে ৪ অক্টোবর ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে নাইট ভিশন ও আধুনিক থার্মাল ইমেজারের সাহায্যে সীমান্ত এলাকায় ৫-৬ জন চোরাকারবারীর সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে বিজিবি। টহল দলের সদস্যরা কৌশলগত অবস্থান থেকে তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা লুঙ্গিতে মোড়ানো তিনটি ব্যাগ ফেলে রেখে রাতের আঁধার ও নালা-ডোবার পানি ব্যবহার করে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্যাগগুলো থেকে ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়েরুল আলম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্ত দিয়ে কোনো প্রকার অবৈধ পণ্য বাংলাদেশে প্রবেশ ঠেকাতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh