Facebook Twitter Instagram YouTube

শান্তিতে নোবেল আমারই প্রাপ্য, তবে ট্রাম্পের মনে সন্দেহ


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ / ০
শান্তিতে নোবেল আমারই প্রাপ্য, তবে ট্রাম্পের মনে সন্দেহ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবারও শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন, যদিও তিনি নিজেই পুরস্কার জেতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। নরওয়ের নোবেল কমিটি ২০২৬ সালের শান্তি পুরস্কার বিজয়ীর নাম শুক্রবার ঘোষণা করবে। বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বুধবার ট্রাম্প রয়টার্সকে বলেন, "তারা কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আমি জানি না। তাদের সুনাম রয়েছে। হয়তো আমার মতো মানুষকে তারা পুরস্কার না-ও দিতে পারে।" গত বছর হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফেরার পর থেকেই তিনি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার তার প্রাপ্য বলে বারবার দাবি করে আসছেন। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেছিলেন, "এখন সেই সময় এসেছে।" তিনি আরও উল্লেখ করেন, "তবে গতবার পরোক্ষভাবে এটি পেয়ে আমি খুবই সম্মানিত বোধ করেছি।" তার মতে, যিনি পুরস্কারটি পেয়েছিলেন, তিনি বলেছেন, "ইতিহাসে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বেশি কেউই এর যোগ্য নন।"

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো তার পদকটি ট্রাম্পকে উৎসর্গ করেছিলেন। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ভেনেজুয়েলায় নিজের রাজনৈতিক প্রচেষ্টা জোরদার করার সময় তিনি ওই পদক ট্রাম্পের হাতে তুলে দেন। ট্রাম্প সম্ভবত এটাকেই পরোক্ষভাবে পুরস্কার পেয়ে 'আমি খুবই সম্মানিত বোধ করছি' হিসেবে আখ্যায়িত করেছেন।

গত বছর জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর আটটি সংঘাতে হস্তক্ষেপ করেছেন দাবি করে ট্রাম্প বলেন, এসব কারণে নোবেল শান্তি পুরস্কার তার পাওয়া উচিত। কম্বোডিয়া, ইসরাইল ও পাকিস্তানের নেতারা ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন বলেও তিনি জানিয়েছেন। তবে এসব মনোনয়নের সত্যতা যাচাইয়ের কোনো উপায় নেই।

ট্রাম্পের এসব দাবির বিপরীতে, তিনি যেসব সংঘাতের সমাধান করেছেন বলে দাবি করেন, সেসব সংঘাতে জড়িত পক্ষগুলোর কেউ কেউ তার কূটনৈতিক ভূমিকা নিয়ে আপত্তি জানিয়েছে। এমনকি এসব অঞ্চলের কয়েকটিতে আবারও লড়াই শুরু হয়েছে, যার মধ্যে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত উল্লেখযোগ্য। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটানোর বিষয়টিও ট্রাম্পের নাগালের বাইরে রয়ে গেছে, যদিও দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার প্রথম দিনেই এই যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

এছাড়াও, ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালীন ইরানের সঙ্গে যুদ্ধ, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ব্যর্থতা, লেক অব টরন্টোকে নিজের মতো করে 'লেক অব আমেরিকা' নামকরণ, কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য বানানোর পরিকল্পনা ঘোষণা, গ্রিনল্যান্ড দখলের হুমকি, গাজাকে দখল করে সেখানে রিভেরা বানানোর পরিকল্পনা, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার রাজধানী থেকে তুলে নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া, কিউবার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে অধিক থেকে অধিক হারে শুল্ক আরোপের মতো বিতর্কিত পদক্ষেপগুলো আলোচনায় আসে। ভেনিজুয়েলার তেল কার্যত নিজের দখলে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর সাত মাস ধরে চলা উত্তেজনাপূর্ণ সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে এবং গ্যাসের দামও বাড়িয়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রে এর রাজনৈতিক প্রভাব নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এবারের নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ারও রয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin