Facebook Twitter Instagram YouTube

সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা অবশ্যই প্রমাণের ভিত্তিতে হতে হবে: মুসাদ্দিক মালিক


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ / ০
সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা অবশ্যই প্রমাণের ভিত্তিতে হতে হবে: মুসাদ্দিক মালিক

পাকিস্তান ও ভারতের মধ্যকার সন্ত্রাসবাদ সংক্রান্ত যেকোনো আলোচনা অবশ্যই প্রমাণের ভিত্তিতে হতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। নয়াদিল্লিতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামের ফাঁকে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

মুসাদ্দিক মালিক জানান, উসকানিমূলক পাল্টাপাল্টি বক্তব্যের পরিবর্তে পাকিস্তান সন্ত্রাসবাদ সমস্যার একটি স্থায়ী সমাধান চায়। তিনি বলেন, যখনই এ বিষয়ে আলোচনা হবে, তা প্রমাণের ভিত্তিতেই হতে হবে। দ্বিপক্ষীয় কিংবা বহুপক্ষীয় ফোরামের মাধ্যমে প্রমাণ উপস্থাপন ও তা যাচাইয়ের প্রস্তাব পাকিস্তান বারবার দিয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেন।

পাকিস্তানের এই মন্ত্রী বলেন, দুই দেশেরই উচিত নিজেদের কাছে থাকা প্রমাণ সামনে আনা এবং স্বচ্ছতার সঙ্গে সমস্যাগুলোর সমাধানে এগিয়ে আসা। তিনি আরও বলেন, অনেক সময় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও পরে সেসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয় না, যার ফলে এ ধরনের আলোচনা থেকে কার্যকর কোনো ফল পাওয়া যায় না।

সন্ত্রাসবাদের কারণে পাকিস্তান, ইরান ও আফগানিস্তানসহ পুরো অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে মুসাদ্দিক মালিক বলেন, পাকিস্তানে হাজার হাজার মানুষ উগ্রবাদ ও সন্ত্রাসবাদের শিকার হয়েছেন এবং প্রতিদিনই মানুষ সেখানে প্রাণ হারাচ্ছেন। তিনি আরও বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী হামলার পেছনের নেটওয়ার্ক খুঁজে বের করাই এখন পাকিস্তানের প্রধান লক্ষ্য। সন্ত্রাসবাদ মোকাবিলা ও এর অবসানে আঞ্চলিক সহযোগিতার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin