Facebook Twitter Instagram YouTube

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতিতে সংকট: ডা. শফিকুর রহমান


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ /
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতিতে সংকট: ডা. শফিকুর রহমান

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা না হলে দেশের রাজনীতিতে সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজের বাসভবনে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান জানান, দেশের ও জনগণের স্বার্থে সরকার ভালো কোনো উদ্যোগ নিলে সংসদের ভেতরে ও বাইরে জামায়াতে ইসলামী তাতে সহযোগিতা করবে। তবে জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড হলে দল তার বিরুদ্ধে অবস্থান নেবে। তিনি স্পষ্ট করেন যে, এ ক্ষেত্রে তাদের ভূমিকা হবে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল। রাজপথের আন্দোলনও অহিংস রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভা শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, দেশের চলমান জনদুর্ভোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট, সন্ত্রাস এবং সংকীর্ণ দলীয়করণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহীরা জুলাই সনদ অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান আরও স্পষ্ট করার ওপর গুরুত্ব দিয়েছেন। তারা জানতে চেয়েছেন, রাজনৈতিক দলগুলো গণভোটের রায় মেনে নেবে কি না।

বিরোধীদল হিসেবে জামায়াতের ভূমিকার প্রশংসা করে টেলিভিশন নির্বাহীরা জানান, সংসদে দলটির কর্মকাণ্ড অতীতে যেকোনো সময়ের তুলনায় বেশি গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। মতবিনিময় সভায় জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকার ওপর আলোচনা হয়েছে। জামায়াত আমির সাংবাদিকদের আহ্বান জানান, দলের কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা খোলামেলাভাবে তুলে ধরে গঠনমূলক সমালোচনা করতে।

মিয়া গোলাম পরওয়ার আরও জানান, সভায় ইলেকট্রনিক গণমাধ্যমের বিভিন্ন সমস্যা, বিশেষ করে চাকরির নিরাপত্তা এবং বেতন কাঠামোর বৈষম্য নিয়ে আলোচনা হয়েছে। প্রিন্ট মিডিয়ার কর্মীরা যেসব সুযোগ-সুবিধা পান, ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অনেক ক্ষেত্রে তা থেকে বঞ্চিত বলে নির্বাহীরা অভিযোগ করেন। এসব সমস্যা সংশ্লিষ্টদের সামনে তুলে ধরার পরামর্শ দিলে জামায়াত আমির এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী, সম্পাদক, হেড অব নিউজ ও বার্তা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর পক্ষে নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলালসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin