
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে এক নারীসহ চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস চেষ্টা চালালেও তীব্র স্রোতের কারণে প্রথম দিনের অভিযান স্থগিত করা হয়েছে।
নিখোঁজ চারজন হলেন—গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬), টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) এবং শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাখপুর গ্রামের বাসিন্দা মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত। শুক্রবার বিকেলে বাড়ির অন্য সদস্যদের সঙ্গে তারা বাড়ির পাশেই শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর তীব্র স্রোতের মুখে পড়ে ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত পানিতে তলিয়ে যেতে থাকেন। তাদের বাঁচাতে স্বজন সৌরভ এগিয়ে গেলে তিনিও নদীর স্রোতে তলিয়ে যান। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও তাদের কোনো সন্ধান পাননি।
খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়েও নিখোঁজদের কোনো হদিস মেলেনি।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান জানান, নদীতে প্রবল স্রোত থাকার কারণে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। নিখোঁজদের সন্ধান না পাওয়ায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে অভিযান স্থগিত করা হয়েছে। শনিবার সকালে ভৈরব থেকে ডুবুরি দল পৌঁছালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় আবার উদ্ধার কার্যক্রম শুরু হবে।
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫৬
আপনার মতামত লিখুন :