
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে সুস্থ সংস্কৃতির চর্চা অপরিহার্য। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘দেশীয় সংস্কৃতি সংসদ’ আয়োজিত নাতে রাসূল ও কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, প্রতিটি জাতির নিজস্ব তাহজীব-তামাদ্দুন ও সাহিত্য-সংস্কৃতি থাকে। নিজস্ব সংস্কৃতি লালন করতে গিয়ে আমরা বর্তমানে অনেকটা পিছিয়ে পড়েছি, যার ফলে অপসংস্কৃতি আমাদের ওপর চেপে বসেছে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে ‘সাংস্কৃতিক আধিপত্যবাদ’ উল্লেখ করে তিনি বলেন, কেবল মুখের কথায় এর প্রতিবাদ সম্ভব নয়। জাতিকে সুস্থ তামাদ্দুনের ওপর দাঁড় করাতে হলে সুস্থ সংস্কৃতির বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
শিক্ষা ও সংস্কৃতিকে জাতির মেরুদণ্ড আখ্যা দিয়ে জামায়াত আমির বলেন, রাসূল (সা.)-এর আদর্শ একটি সামাজিক আন্দোলনের পাশাপাশি বড় ধরনের সাংস্কৃতিক আন্দোলন ছিল। ধারণাগত পরিবর্তনের মাধ্যমে তিনি সমাজে বাস্তব আদর্শ উপস্থাপন করেছিলেন। তিনি আরও বলেন, পবিত্র কোরআন কেবল মুসলমানদের জন্য নয়, বরং বিশ্বসৃষ্টির শৃঙ্খলা বিধানের জন্য নাযিল হয়েছে। যারা এই কোরআন অনুসরণ করবে, তারা সৌভাগ্যবান হবে এবং যে জাতি তা মেনে চলবে তারা গৌরব অর্জন করবে।
তিনি বলেন, আমাদের পুনরায় মূল শিক্ষায় ফিরতে হবে, যা মনোজগত পরিবর্তনের শিক্ষা দেয় এবং আল্লাহ ও বান্দার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বর্তমান সংস্কৃতি শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে উল্লেখ করে তিনি বলেন, এখনকার সংস্কৃতিতে শিক্ষকদের সম্মান করার পরিবর্তে তাদের ওপর হামলার মতো ঘটনার নজির দেখা যাচ্ছে, যা অপসংস্কৃতিরই প্রভাব।
অনুষ্ঠানে তিনি দেশীয় সংস্কৃতি সংসদকে বিভিন্ন উদ্যোগের জন্য অভিনন্দন জানান। অনুষ্ঠানে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নাত ও কাওয়ালি সন্ধ্যার পাশাপাশি সিরাতগ্রন্থ প্রদর্শনী, চিত্রাঙ্কন ও হাদিস ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :