
চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের ঘটনায় গুরুতর আহত এক সেনা কর্মকর্তাকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিএমএইচে পৌঁছে তিনি চিকিৎসাধীন ওই সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের সাহস জোগানোর পাশাপাশি সান্ত্বনা দেন তিনি, যা সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
এর আগে গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। সেই সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের ঘটনায় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য আহত কর্মকর্তাকে সিএমএইচে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী এই ঘটনায় নিহত দুই সেনা সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :