Facebook Twitter Instagram YouTube

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা, তেলের বাজারে অস্থিরতা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ /
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা, তেলের বাজারে অস্থিরতা

লোহিত সাগরের কৌশলগত প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে তারা প্রণালির মাঝামাঝি অবস্থিত গুরুত্বপূর্ণ মায়ুন (পেরিম) দ্বীপ এবং উপকূলীয় শহর মোখার দখল নিয়েছে। সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর পিছু হটার পর হুথিদের এই অগ্রযাত্রা বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

মার্কিন বার্তা সংস্থা এপি ও রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং একজন হুথি কর্মকর্তা মায়ুন দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বাব আল-মান্দেব প্রণালির মধ্যবর্তী এই দ্বীপটির অবস্থান নৌ চলাচল পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত সপ্তাহ থেকে শুরু হওয়া তীব্র লড়াইয়ের পর হুথিরা লোহিত সাগর উপকূলের বিস্তীর্ণ অঞ্চল ও মোখা বন্দর নগরী কবজায় নেয়।

হুথিদের এই অগ্রযাত্রার মুখে সৌদি আরব পাল্টা বিমান হামলা চালিয়েছে। হুথি নিয়ন্ত্রিত একটি গণমাধ্যমের বরাতে এপি জানায়, মোখা বিমানবন্দরে বিমান হামলা চালায় সৌদি বাহিনী, তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই সংঘাতের জেরে ২০২২ সালের যুদ্ধবিরতি ভেঙে ইয়েমেনে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘের অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, গত মাত্র এক সপ্তাহের লড়াইয়ে ৪৬ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিটি মূলত লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে, যা সুয়েজ খাল হয়ে এশিয়া ও ইউরোপের মধ্যে পণ্য পরিবহনের প্রধান রুট। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সৌদি আরবের তেল রপ্তানির জন্য এই পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠেছিল। চ্যাথাম হাউসের গবেষক ফারেয়া আল-মুসলিমি বলেন, সৌদি আরব যুদ্ধ এড়ানোর সব চেষ্টা করলেও পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গেছে। হুথিরা সব সীমা অতিক্রম করেছে এবং এখন ব্যবস্থা না নিলে সৌদি আরবকে ভবিষ্যতে আরও ভয়াবহ মূল্য দিতে হবে।

এদিকে হুথিদের এই সামরিক অগ্রগতির পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় প্রভাব পড়েছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলে ১০৯ ডলার ছাড়িয়ে যায় এবং ডব্লিউটিআই তেলের দামও ১০০ ডলারের ওপরে উঠে যায়। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির সংকটের পাশাপাশি বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ হুথিদের হাতে চলে যাওয়ায় মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy