Facebook Twitter Instagram YouTube

হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ /
হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যসেবা খাতের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। হাসপাতালটির ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখার সময় তিনি কড়া বার্তা দিয়ে বলেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী সেখানে চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের সাথে সরাসরি কথা বলেন। এ সময় রোগীরা অভিযোগ করেন যে, প্রয়োজনে চিকিৎসকদের পাওয়া যায় না এবং দায়িত্বপ্রাপ্ত নার্সদের সহযোগিতা ও আন্তরিকতার অভাব রয়েছে। রোগীদের এসব অভিযোগ শুনে মন্ত্রী তাঁদের আশ্বস্ত করে বলেন, হাসপাতালে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না এবং এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একই সফরে স্বাস্থ্যমন্ত্রী হাম প্রতিরোধে ৪ কোটি টিকা সংগ্রহের তথ্য তুলে ধরেন। তিনি জানান, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। এছাড়া দেশব্যাপী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও তিনি উল্লেখ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh