Facebook Twitter Instagram YouTube

দক্ষিণাঞ্চলের রাস্তা ও রেলপথের জন্য সরকারের কাছে ভিক্ষা চাইলেন শফিকুল ইসলাম


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ /
দক্ষিণাঞ্চলের রাস্তা ও রেলপথের জন্য সরকারের কাছে ভিক্ষা চাইলেন শফিকুল ইসলাম

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত উন্নত রাস্তা ও রেলপথ নির্মাণের আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত “আগামী বরিশাল: সংকট, সম্ভাবনা ও করণীয়” শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এই দাবি উত্থাপন করেন।

বক্তব্যের শুরুতে তিনি ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত যাতায়াত ব্যবস্থার করুণ চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “ভাঙ্গা যখন পার হই তখন ড্রাইভাররা বলে, ‘স্যার ভাঙ্গা কিন্তু শুরু হয়েছে।’ তখন আমি বললাম, জায়গা শুরু হয়েছে না রাস্তা শুরু হয়েছে। বলে, ‘স্যার দুইটাই শুরু হইছে। জায়গাও নাম ভাঙ্গা, রাস্তাও ভাঙ্গা শুরু হইছে।”

রাস্তার বেহাল অবস্থার কারণে যাত্রীদের ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, “গাড়ির চাপ এখন যে পরিমাণ বেড়েছে, গাড়ির পেছনের সিটে যারা থাকেন তারা বলেন, ‘ড্রাইভারও ব্রেক চেপে ধরে আর আমরাও যাত্রী পেছন থেকে পা চেপে ধরে আছি।’ ড্রাইভার মাঝেমধ্যে বলে, ‘বুঝলাম না স্যার গাড়ি এমন লাগতেছে কেন।’ আমি বললাম যে পেছনে যারা আছে তারাও পা চেপে ধরে আছে। ‘স্যার তারা চেপে ধরলে তো কোন লাভ নাই।’ তারপরও আমরা চেপে ধরে রাখি আমাদের জীবনেরও তো একটা মায়া আছে।”

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি সরকারের কাছে বিশেষ আকুতির সুরে বলেন, “এই জায়গা থেকে মুক্তির জন্য কত রাস্তা হচ্ছে। কেও কেও ভিক্ষাও চাচ্ছে। আমরাও ভিক্ষা চাই। আমাদের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তা এবং রেলপথ দক্ষিণাঞ্চলের জন্য আজকে সরকারের কাছে আমরা ভিক্ষা চেয়ে গেলাম।”

পটুয়াখালীর বাউফল উপজেলার লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত বগা সেতুর বিষয়ে তিনি জানান, মাননীয় মন্ত্রী তাকে কথা দিয়েছেন যে চলতি বছরের ডিসেম্বরেই এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এছাড়া, বিডিজেএ-এর ১০ দফা দাবির সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে একাত্মতা ঘোষণা করেন এবং বরিশালবাসী হিসেবে এটি বাস্তবায়নে সংসদে ও সংসদের বাইরে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

বিডিজেএ-এর সভাপতি মাহবুব সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সানবীর রুবেল ও কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী জেবেল। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, নৌপ্রতিমন্ত্রী রাজিব আহসান, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নূরুল হক নূরুসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin