Facebook Twitter Instagram YouTube

দুর্গাপূজার আগেই পশ্চিমবঙ্গে মদের নতুন মূল্য নির্ধারণের প্রক্রিয়া শুরু


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ৬:০০ অপরাহ্ণ /
দুর্গাপূজার আগেই পশ্চিমবঙ্গে মদের নতুন মূল্য নির্ধারণের প্রক্রিয়া শুরু

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গে মদের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মূলত রাজস্ব বৃদ্ধির লক্ষ্যেই বিদেশি, দেশি মদ এবং বিয়ার—এই তিন ধরনের মদের ক্ষেত্রেই নতুন মূল্য কাঠামো তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে এই নতুন মূল্য কার্যকর করা হবে। যদিও এখনো সুনির্দিষ্টভাবে মূল্যবৃদ্ধির হার জানানো হয়নি।

গত ৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকে বিভিন্ন সংস্থা ও প্রস্তুতকারকদের সঙ্গে দেশি-বিদেশি মদ এবং বিয়ার সরবরাহের জন্য প্রকাশিত 'এক্সপ্রেশন অব ইন্টারেস্ট' (ইওআই) নিয়ে আলোচনা করা হয়। এই বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্ট করা হয়েছে যে, পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও প্রতিটি পণ্য নতুন করে নথিভুক্ত করতে হবে।

প্রস্তুতকারক ও সংস্থাগুলোকে আবগারি আইন মেনে পণ্যের দাম ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পণ্যের দাম সর্বভারতীয় সর্বনিম্ন নির্ধারিত মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার এবং পণ্য মজুদ ও পরিচালনার খরচ নির্ধারিত সীমার মধ্যে রাখার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। নতুন মূল্য কাঠামো নির্ধারণের জন্য সংস্থাগুলোকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে যে, বর্তমানে দোকানে মজুদ থাকা পুরনো দামের মদ আপাতত বিক্রি করা যাবে। উৎসবের মৌসুমে মদের সরবরাহ যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে প্রস্তুতকারকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন যে, দুর্গাপূজার অষ্টমীর দিন রাজ্যের সব মদের দোকান ও বার বন্ধ থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy