
ভেনেজুয়েলার বিভিন্ন কারাগার থেকে মোট ৩৯ জন রাজনৈতিক ভিন্নমতাবলম্বীকে মুক্তি দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন জুস্তিসিয়া, এনকুয়েন্ত্রো ই পারদোন (জেইপি) এই তথ্য নিশ্চিত করেছে। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে আটজন নারী রয়েছেন, যাদের ২০২১ সালে ‘মাদক-সন্ত্রাসবাদ’-এর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া, ২০২০ সালে নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগে আটক ছয়জনও মুক্তি পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেইপি জানিয়েছে, যারা এখনো কারাগারে রয়েছেন, তাদের মুক্তির দাবি অব্যাহত থাকবে এবং পরিস্থিতির ওপর তারা সতর্ক নজর রাখবে। রাজনৈতিক বন্দিদের পক্ষে কাজ করা বেসরকারি সংস্থা ফোরো পেনালের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ভেনেজুয়েলায় ৩৪৪ জন রাজনৈতিক বন্দি ছিলেন।
রাজনৈতিক বন্দিদের পরিবারের সদস্যরা নিয়মিতভাবে ভেনেজুয়েলায় মার্কিন দূতাবাস এবং এল রোদেও-১ কারাগারের বাইরে বিক্ষোভ করে আসছেন। বিভিন্ন বেসরকারি সংস্থা এল রোদেও-১ কারাগারকে নির্যাতনের কেন্দ্র হিসেবে বিবেচনা করে থাকে।
যুক্তরাষ্ট্রের চাপের মুখে রদ্রিগেজ সরকার ফেব্রুয়ারিতে একটি সাধারণ ক্ষমা আইন বা অ্যামনেস্টি আইন কার্যকর করলেও রাজনৈতিক বন্দিদের মুক্তির প্রক্রিয়া ধীরগতিতে এগিয়েছে। গত জানুয়ারিতে মার্কিন সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ওয়াশিংটনের অনুমোদনে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকার এবং বিরোধীরা শুক্রবার দ্বিতীয় দফায় আলোচনায় বসেছে।
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১: ১৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩৩
আপনার মতামত লিখুন :