
চেক জালিয়াতির চারটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ওয়াজকুরুনিকে (৫৫) ঢাকার সাভারের একটি পোশাক কারখানা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ছয় বছর ধরে পলাতক থাকা এই ব্যক্তি এলাকায় প্রচার চালিয়েছিলেন যে তিনি সৌদি আরবে অবস্থান করছেন। রোববার দুপুরে সাভারের রাজাসন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বাগমারা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াজকুরুনি রাজশাহীর বাগমারার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় মানসিংহপুর–মোহনপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের দাবি, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সুদে টাকা নিয়ে তিনি চেক প্রদান করেছিলেন। তবে ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক জালিয়াতির অভিযোগে ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মামলা করেন।
বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন জানান, চারটি প্রতারণা মামলায় ওয়াজকুরুনির মোট তিন বছর চার মাসের কারাদণ্ড হয়। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। তিন বছর আগে তিনি গোপনে বিদ্যালয়ে এসে চাকরি থেকে ইস্তফা দেন। এসআই শিহাব উদ্দিন আরও বলেন, পুলিশের হাত থেকে বাঁচতে ওয়াজকুরুনি সৌদি আরবে চলে গেছেন বলে এলাকায় এবং পুলিশের কাছেও মিথ্যা প্রচার চালানো হয়েছিল। তবে বাগমারা থানা পুলিশ তার অবস্থান শনাক্ত করতে তৎপর ছিল। সম্প্রতি তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে যে তিনি সাভারের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান জানান, ওয়াজকুরুনি অনেক আগেই চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন এবং তিনি দেশের বাইরে আছেন বলেই তারা জানতেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম নিশ্চিত করেছেন যে, গ্রেপ্তারকৃত ওয়াজকুরুনিকে আগামীকাল সোমবার আদালতে সোপর্দ করা হবে।
আপনার মতামত লিখুন :