Facebook Twitter Instagram YouTube

সংবিধান সংশোধনের নামে গণভোট তামাশা: রাশেদ প্রধান


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ / ০
সংবিধান সংশোধনের নামে গণভোট তামাশা: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বিএনপি সরকারের নতুন করে গণভোট আয়োজনের পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সংবিধান ‘সংশোধনের’ ধুয়া তুলে গণভোটের এই উদ্যোগ মূলত স্বৈরতন্ত্রের আলামত। তার মতে, জনগণের দাবি ছিল সংবিধান ‘সংস্কারের’, কেবল ‘সংশোধনের’ নয়।

রাশেদ প্রধান আরও উল্লেখ করেন, সংবিধান সংস্কারের জন্য ইতিমধ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং দেশের জনগণ বিপুল ভোটে এর পক্ষে রায় দিয়েছে। এমতাবস্থায় সংবিধান সংশোধনের নামে নতুন করে গণভোট আয়োজন করা জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়।

বিএনপি সরকারের অতীতের অবস্থানের দিকে ইঙ্গিত করে তিনি প্রশ্ন তোলেন, জাতীয় নির্বাচনের আগে যখন তারা গণভোটের দাবি জানিয়েছিলেন, তখন বিএনপি বলেছিল আলাদা গণভোট করলে রাষ্ট্রের প্রচুর অর্থ অপচয় হবে। সেই সময় বিএনপি যুক্তি দিয়েছিল যে, নির্বাচনের দিন এক খরচেই সব কাজ সম্পন্ন করা সম্ভব। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন কি নতুন করে গণভোট আয়োজন করলে রাষ্ট্রের আর টাকা খরচ হবে না?

জাগপা মুখপাত্র স্পষ্টভাবে বলেন, স্বৈরাচারী হওয়ার জন্য সংবিধান সংশোধনের নামে নতুন গণভোটের কোনো প্রয়োজন নেই। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যেহেতু সংবিধান সংস্কারের গণভোট হয়ে গেছে, তাই সেই গণরায় বাস্তবায়ন করুন। অন্যথায় দেশ, জাতি ও জনগণের সঙ্গে গাদ্দারি করার অপরাধে ক্ষমতাচ্যুত হওয়ার প্রস্তুতি নিতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin