Facebook Twitter Instagram YouTube

জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করল বাংলাদেশ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ / ০
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করল বাংলাদেশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে বাংলাদেশ ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছে। দেশীয় মুদ্রায় এই ঋণের পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) রোববার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে বাংলাদেশ ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলারের ঋণ পরিশোধ করেছিল, যা দেশীয় মুদ্রায় ছিল ৮ হাজার ১৩১ কোটি টাকা। সেই তুলনায় এক বছরের ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার বৃদ্ধি পেয়েছে।

জুলাই ও আগস্ট মাসে পরিশোধিত মোট অর্থের মধ্যে মূল ঋণের কিস্তি বাবদ ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এছাড়া সুদ বাবদ পরিশোধের পরিমাণ ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা।

এদিকে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। একই সময়ে বাংলাদেশ নতুন করে ২৪ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি পেয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের ২৪ কোটি ৩৮ লাখ ডলারের তুলনায় কিছুটা কম।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh