Facebook Twitter Instagram YouTube

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, বেড়েছে অন্যান্য মূল্যবান ধাতুও


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ / ০
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, বেড়েছে অন্যান্য মূল্যবান ধাতুও

টানা দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের উত্থান দেখা গেছে। প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম। সোমবার (২৩ নভেম্বর) লেনদেনের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৬১৬ ডলার ৫১ সেন্টে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬১৬ ডলার ৬০ সেন্টে দাঁড়িয়েছে।

এর আগে গত সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৯ শতাংশ কমেছিল, যা গত মার্চের পর ধাতুটির জন্য সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন ছিল। বাজার বিশ্লেষকরা মনে করছেন, প্রযুক্তি খাতের শেয়ারে বড় ধরনের ধস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের প্রবৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ যুক্তরাষ্ট্রের সুদের হার সংক্রান্ত প্রত্যাশায় পরিবর্তন এনেছে, যা স্বর্ণের দামে কিছুটা সমর্থন যোগাচ্ছে।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা এখন ৯৩ দশমিক ৫ শতাংশ, যা গত সপ্তাহে প্রায় ১০০ শতাংশ ছিল। সুদের হার বাড়ার সম্ভাবনা কিছুটা কমায় স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় হ্রাস পেয়েছে, ফলে ধাতুটির আকর্ষণ বেড়েছে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই উত্থানকে এখনই দরপতনের সমাপ্তি হিসেবে দেখার সুযোগ নেই। শেয়ারবাজারে অস্থিরতা অব্যাহত থাকলে বিনিয়োগকারীদের বাধ্যতামূলক সম্পদ বিক্রির চাপে স্বর্ণের দামে আবারও অস্থিরতা তৈরি হতে পারে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। সোমবার স্পট মার্কেটে রুপার দাম ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪২ ডলার ৪১ সেন্টে বিক্রি হয়েছে। এছাড়া প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ করে বেড়েছে। এর ফলে প্লাটিনাম প্রতি আউন্স ১ হাজার ৩১৪ ডলার ৮৫ সেন্ট এবং প্যালাডিয়াম প্রতি আউন্স ৯০৩ ডলার ১৫ সেন্টে লেনদেন হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor