
ঢাকার মাদক ব্যবসায় শিশুদের অংশগ্রহণ নিয়ে এক নতুন গবেষণায় উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত ১০ আগস্ট আন্তর্জাতিক সাময়িকী পিএলওএস ওয়ানে প্রকাশিত ‘আনভেইলিং প্যাটার্নস অ্যান্ড সোশিওডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিকস অব ড্রাগ ট্রাফিকিং ইন ঢাকা সিটি, বাংলাদেশ’ শীর্ষক এই গবেষণায় দেখা গেছে, মাদক বিক্রির সঙ্গে জড়িতদের মধ্যে ২৭ দশমিক ৪ শতাংশের বয়স ১৫ বছর বা তার কম। ২০২৩ সালের ২৩ এপ্রিল থেকে ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা শহরের ১ হাজার ১৬ জন মাদক বিক্রেতার সাক্ষাৎকারের ভিত্তিতে এই তথ্য সংগ্রহ করা হয়।
গবেষণায় ঢাকার বিভিন্ন এলাকায় মাদক বিক্রির ধরনেও পার্থক্য পাওয়া গেছে। এক হাজার ১৬ জন অংশগ্রহণকারীর মধ্যে ২৫৩ জন শুধু গাঁজা বিক্রির কথা জানিয়েছেন। তাদের মধ্যে পল্টন ও বসুন্ধরা আবাসিক এলাকায় সম্পৃক্ততা বেশি দেখা গেছে। গবেষণার নেতৃত্বে ছিলেন ইউনিভার্সিটি অব বার্মিংহাম ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক ড. শাফায়াত হোসেন। তাঁর মতে, মাদক সিন্ডিকেটগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে কৌশলে বা জোরপূর্বক শিশুদের এই ব্যবসায় ব্যবহার করছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। গবেষণায় অংশগ্রহণকারীদের গড় বয়স ২৬ দশমিক ৭ বছর এবং তাদের অর্ধেকেরও বেশি (৫৫ দশমিক ৭ শতাংশ) প্রাথমিক বা তার চেয়ে কম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন। প্রায় ২৯ শতাংশ ফুটপাতে এবং ১০ শতাংশ ভাসমান জীবনযাপন করেন।
মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার প্রধান কারণ হিসেবে কর্মসংস্থানের অভাবকে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের ক্ষেত্রে অনেক সময় জবরদস্তির ঘটনাও লক্ষ্য করা গেছে। ২৮৫ জন শুধু ইয়াবা বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন। তাদের কমলাপুর রেলস্টেশন ও বাড্ডা এলাকায় বেশি উপস্থিতি পাওয়া গেছে। এ ছাড়া ২২৮ জন গাঁজা ও ইয়াবা—দুটিই বিক্রির কথা জানিয়েছেন। তাদের ফার্মগেট ও তেজগাঁও এলাকায় বেশি দেখা গেছে। প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে গাঁজা ও ইয়াবা বিক্রির প্রবণতা বেশি দেখা গেছে।
অন্যদিকে ২৫০ জন গাঁজা ও হেরোইন—দুটিই বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন। তাদের সাভার ও পল্টন এলাকায় বেশি পাওয়া গেছে। গবেষণায় ঢাকার বিভিন্ন এলাকায় মাদক বিক্রির ধরনে ভিন্নতা পাওয়া গেছে।
মাদক আসার প্রধান রুটগুলোও গবেষণায় চিহ্নিত হয়েছে। হেরোইন পাকিস্তান থেকে ভারতের পাটনা হয়ে বাংলাদেশে প্রবেশ করে। গাঁজা আসে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত দিয়ে। ইয়াবার প্রধান উৎস মিয়ানমার, তবে তা ভারতের মিজোরাম ও মেঘালয় হয়েও বাংলাদেশে ঢুকছে, যা একটি বিশাল মাদক পাচার নেটওয়ার্কের অংশ। এছাড়া জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ ও ময়মনসিংহ দিয়েও মাদক প্রবেশের কথা উল্লেখ করা হয়েছে।
গবেষকরা জানিয়েছেন, এই তথ্যগুলো পুরো ঢাকা শহরের মাদক বিক্রেতাদের প্রতিনিধিত্বকারী পরিসংখ্যান নয়, কারণ অংশগ্রহণকারীদের নির্বাচনে ‘পারপাসিভ’ ও ‘স্নোবল স্যাম্পলিং’ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ড. শাফায়াত হোসেনের সাথে এই গবেষণায় আরও যুক্ত ছিলেন গ্যারেথ জে হল্যান্ডস, মো. আলামিন, মো. রোকনুজ্জামান, মাহদী হাসান এবং সামিয়া আক্তার।
আপনার মতামত লিখুন :