Facebook Twitter Instagram YouTube

আফ্রিকার সংঘাত সমাধানে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান সিসির


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ / ০
আফ্রিকার সংঘাত সমাধানে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান সিসির

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি আফ্রিকার বিভিন্ন সংঘাত ও সংকটের শান্তিপূর্ণ সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশগুলোর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং প্রতিটি দেশের ঐক্য ও সার্বভৌমত্বের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেছেন। শনিবার মিসরের নিউ আলামেইনে আয়োজিত তিন দিনব্যাপী ‘আলামেইন আফ্রিকা ফোরাম’-এর উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই আয়োজনে আফ্রিকার বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

প্রেসিডেন্ট সিসি বলেন, অস্থিতিশীল কোনো দেশে অর্থনৈতিক উন্নয়ন সাধন করা সম্ভব নয়। বিনিয়োগকারী, উৎপাদক এবং কৃষকদের নিরাপদ পরিবেশে কাজ করার জন্য স্থিতিশীলতা একান্ত অপরিহার্য। তিনি আরও বলেন, আফ্রিকার নিরাপত্তা নিশ্চিত করতে হলে জাতীয় রাষ্ট্র ও এর প্রতিষ্ঠানগুলোকে সমর্থন দেওয়া, দেশগুলোর ঐক্য ও সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো এবং সংঘাত ও সংকটের ক্ষেত্রে শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপরও তিনি বিশেষ জোর দিয়েছেন।

আফ্রিকার অর্থনীতিতে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে সিসি বলেন, মহাদেশটির মোট দেশজ উৎপাদনের ৭০ শতাংশের বেশি আসে বেসরকারি খাত থেকে। তবে দুঃখজনক যে, আফ্রিকার দেশগুলোর নিজেদের মধ্যে বাণিজ্যের পরিমাণ সাম্প্রতিক বছরগুলোতে মহাদেশটির মোট বাণিজ্যের প্রায় ১৮ শতাংশে সীমিত রয়ে গেছে। এছাড়া বিশ্বের চলমান বিভিন্ন সংকটের প্রভাব থেকে আফ্রিকাকে রক্ষা করার আহ্বান জানান তিনি। বিশেষ করে জ্বালানি, সার ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে আফ্রিকার দেশগুলো যে চাপের মুখে পড়ছে, সে বিষয়টিও তিনি তার বক্তব্যে তুলে ধরেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh