Facebook Twitter Instagram YouTube

কালিয়াকৈরে লাইসেন্সহীন ফ্লেভার কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ৬:৩৭ পূর্বাহ্ণ / ০
কালিয়াকৈরে লাইসেন্সহীন ফ্লেভার কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা

গাজীপুরের কালিয়াকৈরে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদনের দায়ে 'আনিকা ফুড প্রোডাক্টস' নামের একটি ফ্লেভার কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার রাখালিয়াচালা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে এই জরিমানা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কারখানাটিতে বিভিন্ন ধরনের ফ্লেভার ও খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানের কাগজপত্র ও পণ্যের অনুমোদনসংক্রান্ত নথিপত্র যাচাই করা হয়। এ সময় দেখা যায় যে, বেশ কয়েকটি পণ্যের জন্য প্রয়োজনীয় লাইসেন্স নেই। এই অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে কারখানার সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন গ্রহণ করে পণ্য উৎপাদন ও বাজারজাত করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে তাদের সতর্ক করা হয়েছে।

সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ পণ্য নিশ্চিত করা এবং ব্যবসাপ্রতিষ্ঠানের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন বা বাজারজাত করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh