দেশে কর্মসংস্থানের সুযোগের অভাব নেই, বরং কৃষি, শিল্প, তথ্যপ্রযুক্তি, ক্ষুদ্র ব্যবসা ও সেবা খাতে রয়েছে বিশাল সম্ভাবনা। তবুও এই সুযোগ কাজে লাগিয়ে তরুণরা টেকসই কর্মসংস্থান বা ব্যবসা গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে। এর পেছনে দক্ষতার ঘাটতি, অভিজ্ঞতার শর্ত, ব্যাংক ঋণ পাওয়ার জটিলতা এবং সরকারি সেবায় হয়রানির মতো নানা বাধা বিদ্যমান। ফলে শিক্ষিত তরুণরা বেকারত্বের গ্লানি টানছে অথবা অনিশ্চিত ও অনানুষ্ঠানিক পেশায় নিয়োজিত হতে বাধ্য হচ্ছে।
পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক গবেষণায় এই সংকটকে ‘মিসিং মিডল’ বা অনুপস্থিত মধ্যস্তর হিসেবে চিহ্নিত করা হয়েছে। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তরুণদের অর্থনৈতিক সুযোগ ও বাস্তবতা’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। দ্য এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত এই গবেষণার তথ্য তুলে ধরেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নামিরা শামীম এবং সৈয়দ এম. হাসেমী।
গবেষণার তথ্য অনুযায়ী, দেশে সামগ্রিক বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ শতাংশ হলেও ১৫ থেকে ২৯ বছর বয়সি তরুণদের মধ্যে তা ৮ দশমিক ০৭ শতাংশ। স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে বেকারত্বের হার ১৩ দশমিক ৫ শতাংশ এবং নারী স্নাতকদের ক্ষেত্রে এই হার ২০ দশমিক ৪ শতাংশ। বর্তমানে দেশে ২৬ লাখ ২০ হাজার বেকারের মধ্যে আট লাখ ৮৫ হাজারই বিশ্ববিদ্যালয়ের স্নাতক। এছাড়া কর্মরত তরুণদের ৯২ দশমিক ৭ শতাংশই অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন, যেখানে চাকরির নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নেই।
নিয়োগকর্তা ও চাকরিপ্রার্থীদের মধ্যে এক ধরনের বিপরীতমুখী অবস্থান তৈরি হয়েছে। নিয়োগকর্তাদের দাবি, বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের ব্যবহারিক দক্ষতা ও যোগাযোগক্ষমতার অভাব রয়েছে। অন্যদিকে তরুণদের প্রশ্ন, প্রথম চাকরিতেই অভিজ্ঞতার শর্ত থাকলে তারা কোথায় অভিজ্ঞতা অর্জন করবে? জরিপে অংশ নেওয়া নিয়োগকর্তাদের মাত্র ১৫ শতাংশ জানিয়েছেন, তারা সহজে যোগ্য কর্মী খুঁজে পান। চট্টগ্রামসহ বিভিন্ন শিল্পাঞ্চলে দক্ষ জনবলের চাহিদা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পের মধ্যে সংযোগের অভাবে তা পূরণ হচ্ছে না। শিক্ষার্থী সংকটে ১৩৭টি ডিপ্লোমা প্রতিষ্ঠানে ভর্তি বন্ধ হয়ে গেছে বলেও গবেষণায় উল্লেখ করা হয়।
উদ্যোক্তা হওয়ার পথেও আর্থিক ও প্রশাসনিক বাধা প্রকট। ৮০ শতাংশ তরুণ জানিয়েছেন, সরকারি সেবা পেতে গিয়ে তাদের বিলম্ব বা ঘুষের সম্মুখীন হতে হয়েছে। কর্মসংস্থান কেন্দ্রের মাধ্যমে মাত্র ৪ শতাংশ তরুণ চাকরি পান। এছাড়া বাণিজ্যিক ব্যাংকের ঋণের ক্ষেত্রে জমির দলিল ও জামানতের শর্ত তরুণ উদ্যোক্তাদের জন্য বড় প্রতিবন্ধকতা। নারী উদ্যোক্তাদের জন্য ৪ শতাংশ সুদের বিশেষ ঋণের সুবিধা থাকলেও স্বামীর স্বাক্ষর ও দলিলের শর্তের কারণে তারা তা নিতে পারছেন না।
রাজশাহী, যশোর, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান ও রংপুরের পীরগঞ্জের অর্থনৈতিক পরিস্থিতির পর্যালোচনায় দেখা গেছে, স্থানীয় অর্থনীতিতে প্রক্রিয়াজাতকরণ ও প্রাতিষ্ঠানিক সহায়তার অভাব রয়েছে। ড. হোসেন জিল্লুর রহমান বলেন, সংস্কারের কেন্দ্রে মেসো-অর্থনীতিকে স্থান দিতে হবে এবং স্থানীয় সরকারকে অর্থনৈতিক রূপান্তরের চালিকাশক্তি করতে হবে। বিশ্বব্যাংকের জ্যঁ পেসমে ও ব্র্যাক আইজিডির ড. ইমরান মতিনও প্রবৃদ্ধিকে কর্মসংস্থানে রূপান্তরের জন্য দক্ষতা, অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন।
আপনার মতামত লিখুন :