Facebook Twitter Instagram YouTube

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ / ০
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ১ লাখ ৭৫ হাজার ১৮৮ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও সাতজন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন এবং একজনের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে আরও ২০ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

২০২৪ সালের অক্টোবরে যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতির হিসাব দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সেই সময় থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৫২ জন আহত হয়েছেন। এছাড়া, এ সময়ের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার গাজায় এক মর্মস্পর্শী ঘটনার সাক্ষী হয়েছে স্থানীয়রা। তিন বছর আগে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়া একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৫টি মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ সময় পর মরদেহগুলো উদ্ধারের পর সেখানে এক গণ-জানাজার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দারা এই জানাজায় অংশ নেন এবং পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh