Facebook Twitter Instagram YouTube

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৬:৫১ পূর্বাহ্ণ / ০
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। কেন্দ্রটির দুটি ইউনিট থেকে সম্মিলিতভাবে ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন কিছুদিন বন্ধ থাকলেও মেরামতের পর সেখানে নিরবচ্ছিন্ন উৎপাদন শুরু হয়েছে, যা সামগ্রিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করেছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রকল্প। ২০১০ সালে এই কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এবং ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) চুক্তি সই করে। এই চুক্তির আওতায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) গঠন করা হয়।

বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ও গৌরম্ভা ইউনিয়নের সাপমারী-কৈগর্দ্দাশকাঠি মৌজায় ১ হাজার ৩৪ একর জমির ওপর প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার এই মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টটি গড়ে তোলা হয়। দীর্ঘ নির্মাণকাজ শেষে ২০২২ সালের ২৩ ডিসেম্বর ৬৬০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট উৎপাদনে আসে। পরবর্তীতে পরের বছর ২৪ অক্টোবর দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। সাধারণত কেন্দ্রটির দুটি ইউনিট চালু থাকলে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে, তবে এবারের উৎপাদন সেই মাত্রাকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin