Facebook Twitter Instagram YouTube

আবাসন সংকটে উত্তপ্ত স্পেন, পার্লামেন্টে সরকারি ডিক্রি বাতিল


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৭:৪১ পূর্বাহ্ণ / ০
আবাসন সংকটে উত্তপ্ত স্পেন, পার্লামেন্টে সরকারি ডিক্রি বাতিল

আবাসন ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়া এবং বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে স্পেনের রাজপথ। রাজধানী মাদ্রিদসহ দেশের প্রধান শহরগুলোতে উচ্ছেদের ঝুঁকি এড়াতে এবং ভাড়া নিয়ন্ত্রণের দাবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে যখন দেশটির পার্লামেন্টে সরকারের দুটি গুরুত্বপূর্ণ আবাসন ডিক্রি বাতিল হয়ে গেছে।

গত শুক্রবার স্পেনের পার্লামেন্টে (কংগ্রেস) প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় আবাসন সংক্রান্ত ডিক্রি দুটি প্রত্যাখ্যাত হয়। এর ফলে আন্দোলনকারীদের ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে এবং তারা এখন দেশজুড়ে আরও বড় ধরনের কর্মসূচি ও আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন।

বাতিল হওয়া প্রথম ডিক্রিটিতে অসচ্ছল ভাড়াটিয়াদের উচ্ছেদ থেকে সুরক্ষা প্রদান, ভাড়া বৃদ্ধির ওপর সীমা নির্ধারণ, স্বল্পমেয়াদি ও কক্ষভাড়া নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট কিছু আবাসন বিনিয়োগের ওপর বিধিনিষেধ আরোপের প্রস্তাব করা হয়েছিল। অন্যদিকে, দ্বিতীয় ডিক্রিটির মাধ্যমে বিশেষ কিছু পরিস্থিতিতে ভাড়ার চুক্তি বাড়ানোর সুযোগ রাখা হয়েছিল। কিন্তু আইনপ্রণেতাদের বিরোধিতায় দুটি প্রস্তাবই ভেস্তে যায়।

দীর্ঘদিন ধরে স্পেনে আবাসন ও ভাড়া বৃদ্ধির কারণে সাধারণ আয়ের মানুষের পক্ষে বড় শহরগুলোতে বাসা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। এই সংকট থেকে উত্তরণে আন্দোলনকারীরা দীর্ঘমেয়াদি ভাড়ার চুক্তি নিশ্চিত করা, ভাড়াটিয়াদের উচ্ছেদ বন্ধ করা এবং বিশেষ করে পর্যটনভিত্তিক ও স্বল্পমেয়াদি ভাড়ার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়ে আসছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh