
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিদেশি স্টেশনগুলোতে চরম অনিয়ম, অব্যবস্থাপনা ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক এভিয়েশন নিরাপত্তাবিধি লঙ্ঘন, নিজস্ব এয়ারপোর্ট সিকিউরিটি পাস ছাড়াই দায়িত্ব পালন, ব্যাগেজ চুরি এবং অযোগ্য ও অনভিজ্ঞ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসানোর কারণে ব্যাহত হচ্ছে যাত্রীসেবা। সম্প্রতি মদিনা, রোম, কুয়েত, সিঙ্গাপুর ও ব্যাংকক স্টেশনে একের পর এক নজিরবিহীন ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। গুরুতর এসব অভিযোগের পরও স্টেশনগুলোতে অযোগ্যদের দাপট থামছে না বলে বিমানের তথ্যানুসন্ধানে জানা গেছে।
সবশেষ মদিনা স্টেশনের দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমানের গাফিলতির কারণে ওমরাহ যাত্রীদের জমজমের পানি নিয়ে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। বিমানের বিজি-৩৩৮ ফ্লাইটের ১৮টি কনটেইনারের মধ্যে ১৭টি যথাসময়ে অফলোড হলেও পানি ভর্তি ১৮ নম্বর কনটেইনারটি মদিনায় পড়ে থাকে। ঢাকার ব্যাগেজ কন্ট্রোলকে এ তথ্য যথাযথভাবে না জানানোয় ভোগান্তির সৃষ্টি হয় এবং এ ঘটনায় বিমানের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এছাড়া কর্মকর্তাদের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে গ্রেফতার হন মেজর (অব.) আক্তারুজ্জামান। সংশ্লিষ্ট সূত্র জানায়, গুরুত্বপূর্ণ মদিনা স্টেশনের দায়িত্বে থাকা মিজানুর রহমানের গ্রাউন্ড সার্ভিসে পর্যাপ্ত অভিজ্ঞতা নেই।
এদিকে গত আগস্টে রোমের ফিওমিচিনো বিমানবন্দরে বিমানের বোয়িং উড়োজাহাজের বিজি-৩০৬ ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে ৪০ ঘণ্টারও বেশি আটকে থাকে। অথচ বিমানের স্টেশন ম্যানেজার বিষয়টি জানতেনই না। ঢাকা থেকে উদ্ধার সরঞ্জাম নিয়ে যাওয়া প্রকৌশল বিভাগের শীর্ষ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ও ইশাক বাবু রোমে পৌঁছে চরম সমন্বয়হীনতার মুখে পড়েন। রোমের কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ আল হোসাইন ও স্টেশন ম্যানেজার দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় ‘এয়ারপোর্ট সিকিউরিটি পাশ’ ছাড়াই দায়িত্ব পালন করায় প্রকৌশলীদের বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। মাত্র ৩০ মিনিটে উড়োজাহাজটি সচল করা হলেও, রাতে পাসপোর্ট ও লাগেজসহ প্রকৌশলীদের বিমানবন্দরে ফেলে চলে যান স্টেশনের দায়িত্বপ্রাপ্তরা। পরে তারা নিজস্ব খরচে ট্যাক্সি নিয়ে হোটেলে পৌঁছান।
কুয়েত স্টেশনে স্বামী-স্ত্রীর পদায়ন নিয়েও বিমানের কর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। কুয়েত স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে ব্যাগেজসংক্রান্ত গুরুতর অনিয়মের তদন্ত চলাকালেই তার স্ত্রী শামীমা পারভীনকে একই স্টেশনে পদায়ন করা হয়। চলতি বছরের ২৩ জানুয়ারি কুয়েত থেকে আসা বিজি-৩৪৪ ফ্লাইটের ১৯৩ যাত্রীর মধ্যে নিরাপত্তা বিভাগের ঝটিকা অভিযানে ১৪ জনের লাগেজ পরীক্ষা করে ১২ জনের লাগেজে অতিরিক্ত ওজন পাওয়া যায়। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হলেও সরকারি খাতায় তার হিসাব ছিল না এবং অনেককে রসিদও দেওয়া হয়নি। তদন্ত শেষ হওয়ার আগেই গ্রাউন্ড সার্ভিস বিভাগে কর্মরত শামীমা পারভীনকে সেখানে পদায়ন করায় প্রশ্ন উঠেছে।
অন্যান্য বিদেশি স্টেশনের মধ্যে গত ৩১ আগস্ট সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে ককপিটের আর-৪ উইন্ডোতে ফাটল ধরা পড়লে ১৫১ জন যাত্রী ভোগান্তিতে পড়েন। স্টেশন ও সাপ্লাই চেইনের সমন্বয়হীনতায় বিকল্প উপায়ে উইন্ডো পাঠানোর চেষ্টা ব্যর্থ হলে ঢাকা থেকে শিডিউল ফ্লাইটে পার্টস ও অতিরিক্ত প্রকৌশলী পাঠানো হয়। অন্যদিকে, ১ সেপ্টেম্বর ব্যাংকক বিমানবন্দরে বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে আটকে থাকলে ঢাকা থেকে যাওয়া প্রকৌশলীরা সেখানে স্টেশন ম্যানেজারকে খুঁজে পাননি, ফলে পারমিশন ও টুলস হ্যান্ডলিং নিয়ে চরম ভোগান্তি পোহাতে হয়।
এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম এ প্রসঙ্গে বলেন, বিদেশি স্টেশনগুলোয় দক্ষতা ও জবাবদিহির ঘাটতি থাকলে ফ্লাইট পরিচালনায় এর নেতিবাচক প্রভাব পড়ে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া এবং যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করা না হলে বিমানের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিদেশি স্টেশনগুলো নিয়ে আসা এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।
একের পর এক বিপর্যয়ের পর ৩ সেপ্টেম্বর থেকে বিদেশি স্টেশন ব্যবস্থাপনায় কড়াকড়ি আরোপ করেছে বিমান কর্তৃপক্ষ। করপোরেট পলিসি ম্যানুয়েল ও জব ডেসক্রিপশন ম্যানুয়েল অনুযায়ী দায়িত্ব নিশ্চিত করতে জারি করা আদেশে নতুন পদায়নের ক্ষেত্রে টেকনিক্যাল জ্ঞান ও দক্ষতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ৩০ সেপ্টেম্বর জারি করা আরেকটি আদেশে বৈদেশিক স্টেশনে বদলি পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। বিমানের এমডি ও সিইওকে সভাপতি করে গঠিত এই পর্ষদে সদস্য হিসেবে থাকবেন উপব্যবস্থাপনা পরিচালক ও ডিসিইও, সব পরিচালক এবং মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ)। নির্দিষ্ট বিভাগের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিচালক মনোনীত বিভাগীয় প্রধানকেও সদস্য করার বিধান রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :